আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭, আন্তর্জাতিক মাতৃভাষা পদক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, মাতৃভাষা সংরক্ষণ, মাতৃভাষা গবেষণা
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। সংগৃহীত

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৭ উপলক্ষে ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭’-এর প্রস্তাব ও আবেদনপত্র জমা দেয়ার সময়সীমা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

Advertisement

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) এর ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ কথা জানানো হয়। এর আগে এ আবেদন জমা দেয়ার শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

আন্তর্জাতিক মাতৃভাষা পদক নীতিমালা-২০২৪ (সংশোধিত) অনুযায়ী জাতীয় পর্যায়ে দুইটি পদকের জন্য বাংলাদেশী নাগরিক অথবা বাংলাদেশে অবস্থিত প্রতিষ্ঠান, সংস্থা এবং আন্তর্জাতিক পর্যায়ে দুইটি পদকের জন্য বিদেশী নাগরিক অথবা প্রতিষ্ঠান বা সংস্থার কাছ থেকে নির্ধারণ ছকে প্রস্তাব ও আবেদন চাওয়া হয়েছে।

বিশ্বের বিভিন্ন মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশ, গবেষণায় বিশেষ অবদান, ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, বহির্বিশ্বে প্রচার ও অনুবাদে বিশেষ অবদানের জন্য এই পদক দেয়া হবে।

প্রতিটি পদক বিজয়ী পাবেন ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা বা সমমূল্যের মার্কিন ডলার।

আগ্রহীদের তিন কপি আবেদনপত্র বা প্রস্তাব সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারে ‘অতিরিক্ত পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ১/ক সেগুনবাগিচা, ঢাকা-১০০০’ বরাবরে পাঠাতে বলা হয়েছে। একইসাথে সফটকপি imli.moebd@gmail.com এবং imliaward@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

পদক সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফরম আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে। সূত্র : বাসস