
রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সাথে পুলিশের সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে সিটি করপোরেশনের গাড়িতে আগুন এবং পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
বুধবার মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে এসব ঘটনা ঘটে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুর রহমান জানান, সকালে হকার উচ্ছেদের সময় একটি ভবনে বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে থাকা হকাররা সিটি করপোরেশনের গাড়িতে আগুন দেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।
ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভির এক ক্যামেরাপারসন হামলার শিকার হন এবং মাথায় আঘাত পান। যমুনা টিভিসহ অন্যান্য গণমাধ্যমকর্মীদের ওপরও হামলার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এ সময় হকারদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হলে পুলিশ, সাংবাদিকসহ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, একটি ভবনে আগুন লাগার পর পাশের একটি মসজিদের একাংশেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
ঘটনার পর মিরপুর-১০ নম্বর ও আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিসগামী মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা আটকা পড়েন। যানজট ও সংঘর্ষের কারণে সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েন।
ট্রাফিক পুলিশ সূত্র জানায়, সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকাররা আইডিয়াল স্কুলের সামনে রাস্তায় যানবাহন ভাঙচুর এবং কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। আন্দোলনকারীরা বর্তমানে মিরপুর-১০ এলাকায় অবস্থান করছেন।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








