
বঙ্গোপসাগরের অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে ২৬টি ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
লন্ডনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এনার্জি সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল সেশনে এ আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সামিটের ‘স্ট্র্যাটেজিক স্টেজে’ আয়োজিত মিনিস্টেরিয়াল সেশনে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, বঙ্গোপসাগরের অফশোর সম্পদের সম্ভাবনা এবং বিনিয়োগের সুযোগ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির কারণে দেশে জ্বালানির চাহিদা ক্রমাগত বাড়ছে। এই চাহিদা পূরণে দেশীয় গ্যাস ও অন্যান্য জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে।
তিনি আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড ২০২৬’-এ অংশ নেয়ার আহ্বান জানান।
এই বিডিং রাউন্ডে বঙ্গোপসাগরের ১১টি অগভীর ও ১৫টি গভীর সমুদ্র ব্লক উন্মুক্ত করা হয়েছে। সব মিলিয়ে মোট ২৬টি ব্লকে আন্তর্জাতিক বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।
সম্মেলনে ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা এবং বিনিয়োগের ইতিবাচক প্রবাহের কথা তুলে ধরেন।
আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য সরকারের নেয়া বিভিন্ন সহায়ক নীতির কথাও তিনি তুলে ধরেন। এসব নীতির মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরো সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে বলে তিনি জানান।
উপস্থাপনায় বঙ্গোপসাগরের অনাবিষ্কৃত অফশোর জ্বালানি সম্পদের সম্ভাবনা তুলে ধরা হয়। পাশাপাশি আধুনিক সিসমিক তথ্যের সহজলভ্যতার বিষয়টি তুলে ধরা হয়।
এ সময় ‘অফশোর মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬’-এর বিভিন্ন বাণিজ্যিক শর্ত তুলে ধরা হয়। এসব শর্ত আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য প্রতিযোগিতামূলক হিসেবে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ থেকে আন্তর্জাতিক জ্বালানি কোম্পানিগুলোকে বাংলাদেশের ভূতাত্ত্বিক ও সিসমিক ডেটা পর্যালোচনার আহ্বান জানানো হয়।
চলমান অফশোর বিডিং রাউন্ডে অংশ নিতে আগ্রহী কোম্পানিগুলোকে বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সাথে সরাসরি যোগাযোগের অনুরোধও জানানো হয়। বাসস









