সরকারি ছুটি
এবারের দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি। সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের জন্য এবার টানা পাঁচ দিনের ছুটি থাকছে।

Advertisement

মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর (বুধবার) সাধারণ ছুটি থাকবে। এর সাথে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে এবার টানা পাঁচ দিনের সরকারি ছুটি ভোগ করবেন হিন্দু সম্প্রদায়ের মানুষ।

হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এসব তথ্য জানিয়েছেন।

এছাড়া এবার দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপগুলোর জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

বিজয় কান্তি সরকার বলেন, ‘প্রধানমন্ত্রীর তহবিল থেকে দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপগুলোর জন্য চার কোটি টাকার যে বিশেষ বরাদ্দ থাকে, এবার প্রধানমন্ত্রী আরো এক কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি করেছেন।’

উল্লেখ্য, এবার শারদীয় দুর্গাপূজা শুরু হবে ১৭ অক্টোবর থেকে।

এদিকে, বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব উপলক্ষে ধর্মীয় কল্যাণ তহবিল থেকে অনুদানের অর্থও আরো এক কোটি টাকা বাড়িয়েছেন প্রধানমন্ত্রী। গত বছর দুই কোটি টাকা অনুদান দেয়া হয়েছিল, এবার তা বাড়িয়ে তিন কোটি টাকা দেয়া হয়েছে।

প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসব অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে।

সূত্র : ইউএনবি