সমাজকল্যাণ মন্ত্রণালয়, ফ্যামিলি কার্ড
ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে অংশগ্রহণকারীরা। সংগৃহীত

সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলটিং কার্যক্রম ইতোমধ্যে ৫২ জেলার ৫৪ উপজেলার ৫৬টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হয়েছে। 

Advertisement

গত ১০ মার্চ থেকে ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসেবে শুরু হওয়া এ কার্যক্রমের অগ্রগতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীন দফতর-সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো: শাহজাহান এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন এমপি, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এমপি, সরওয়ার জামাল নিজাম এমপি, মোহাম্মদ সালমান ওমর এমপি, আরিফা সুলতানা এমপি, নিপুণ রায় চৌধুরী এমপি ও মো: মজিবুর রহমান এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদফতর ও সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম স্থায়ী কমিটির সদস্যদের সামনে উপস্থাপন করা হয়। এ সময় মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, অধীন দফতর ও সংস্থার কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক কর্মসূচিগুলোর বিষয়ে কমিটির সদস্যদের অবহিত করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো: জাহিদ হোসেন বলেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নিয়ে সবাই একত্রে এই মন্ত্রণালয়ের উন্নয়নে কাজ করতে চাই।’

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন মন্ত্রণালয়ের কার্যক্রম জনকল্যাণে বৃহৎ অবদান রাখায় এর প্রশংসা করেন। তিনি মন্ত্রণালয়ের কার্যক্রমে সমন্বিত ও যুগোপযোগী উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

কমিটির সদস্য মো: মজিবুর রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে কাজ করার জন্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

বৈঠকে জানানো হয়, ১০ মার্চ পাইলটিং হিসেবে শুরু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির (ফ্ল্যাগশিপ প্রোগ্রাম) আওতায় এ পর্যন্ত ৫২টি জেলার ৫৪টি উপজেলার ৫৬টি ওয়ার্ডে কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়, বিভাগ ও দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।