ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : জামায়াত-বিএনপিসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। প্রতীকী ছবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি ও জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

Advertisement

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম প্রাথিতা যাচাই-বাছাই শেষে প্রার্থীদের বৈধ ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন ১১ দলীয় ঐক্য-সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, বিএনপি-সমর্থিত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম, খেলাফত আন্দোলনের প্রার্থী আব্দুল আলীম নিজামী, বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, পাঁচটি রাজনৈতিক দলের ছয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনী অংশগ্রহণকারী প্রত্যেকটি দলের প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট সকলে মিলে প্রচেষ্টা থাকবে সুন্দর একটি নির্বাচন উপহার দেয়ার।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন জমাদানের শেষ দিন ছিল ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা। আজ ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হলো। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ৮ অক্টোবর।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তৎকালিন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সংবিধান অনুযায়ী আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশিন।