
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে মধ্যরাতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল সোমবার রাত ১২টার পর পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থিত এসব ছাপাখানাগুলোতে পরিদর্শনে যান।
প্রেসগুলো হলো মৌসুমী অফসেট প্রেস, ফাইজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স এবং ন্যাশনাল প্রিন্টার্স।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী প্রেসে চলমান পাঠ্যবই মুদ্রণ কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি কাগজ ও কালির গুণগত মান, বাঁধাইয়ের সূক্ষ্মতা এবং ছাপাখানার কাজের অগ্রগতির প্রতিটি ধাপ খুঁটিয়ে দেখেন। এ সময় তিনি পাঠ্যবই ছাপার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
পরিদর্শনে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








