
অব্যাহত ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধস ও তুষারপাতের কারণে নেপালের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে নিজ দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে বাংলাদেশ। একইসাথে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটক ও পর্বতারোহীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস জারি করা এক সাময়িক ভ্রমণ সতর্কতায় বাংলাদেশী ভ্রমণকারীদের বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন গন্তব্যে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, ‘অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটছে। একইসাথে কয়েকটি এলাকায় তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম পার্বত্য ভূখণ্ড ও ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে পড়েছে।’
এতে বলা হয়, পরিস্থিতির কারণে নেপালের কর্তৃপক্ষ মানাং, তিলিচো লেক, থোরং লা পাস, আইস লেক, কাং লা ও ভিমথাংসহ কয়েকটি এলাকায় ট্রেকিং সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
পোখারা ও এর আশপাশের এলাকায় ভ্রমণের ক্ষেত্রেও বাংলাদেশীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং কাছাকাছি ট্রেকিং গন্তব্যগুলোতে যাতায়াত ব্যাহত হওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে।
মুস্তাং, জোমসোম ও অন্যান্য পার্বত্য এলাকায় ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশীদের গান্ডাকি প্রদেশের সড়ক যোগাযোগ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দেয়া হয়েছে। কারণ স্বল্প সময়ের নোটিশেও এসব এলাকার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।
বাংলাদেশী নাগরিকদের বিশেষ করে আন্নাপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা করার আগে আবহাওয়া, সড়ক যোগাযোগ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করতে বলা হয়েছে।
একইসাথে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের দেয়া নির্দেশনা এবং নিরাপত্তা-সংক্রান্ত পরামর্শ মেনে চলার জন্য বাংলাদেশীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, যারা ইতোমধ্যে দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থান করছেন, তাদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে হবে। ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করতে হবে এবং ট্যুর অপারেটর ও কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।
তবে এ ভ্রমণ সতর্কতা কাঠমান্ডু ও এর আশপাশের এলাকার জন্য প্রযোজ্য নয় বলে দূতাবাস জানিয়েছে।
দূতাবাস নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে এ বিষয়ে পরবর্তী সতর্কতা বা হালনাগাদ তথ্য জানানো হবে। বাসস









