
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
তিনি বলেন, দেশ যখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে, তখন একটি চক্র শান্তি ও স্থিতিশীলতা নষ্টের অপতৎপরতা চালাচ্ছে। জনগণ ও সচেতন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের এ চক্রান্ত সফল হবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ সিলেট মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারির পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের বিভিন্ন শুল্ক বাধা দূর করতেও উদ্যোগ নেয়া হচ্ছে। যেকোনো গোষ্ঠীর সহিংসতা সৃষ্টির অপচেষ্টা রাজপথেই রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী।
পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। বাসস








