
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় হাম ও রুবেলা (এমআর) টিকা থেকে বাদ পড়া শিশুদের শনাক্ত করে শতভাগ টিকাদানের আওতায় আনতে মাসব্যাপী ‘এমআর মপ-আপ ক্যাম্পেইন ২০২৬’ শুরু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নগর ভবনে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম।
ক্যাম্পেইনের আওতায় ডিএসসিসির বিভিন্ন এলাকায় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী যেসব শিশু এখনো হাম ও রুবেলার টিকা পায়নি, তাদের বাড়ি বাড়ি ও এলাকাভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে শনাক্ত করে টিকার আওতায় আনা হবে।
ডিএসসিসির সব অঞ্চল ও ওয়ার্ডে নিবিড়ভাবে এ কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে কম টিকাদান কভারেজসম্পন্ন এলাকা, বস্তি, ভাসমান ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিশুদের শনাক্ত করতে স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিশেষ এ মপ-আপ ক্যাম্পেইন আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময়ে ডিএসসিসি এলাকায় প্রায় দুই লাখ চার হাজার শিশুকে অনুসন্ধানের আওতায় এনে টিকাবঞ্চিত শিশুদের প্রয়োজনীয় এমআর টিকা দেয়া হবে।
ডিএসসিসি সূত্র জানায়, মূল ক্যাম্পেইন শুরুর আগে গত ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর পরিচালিত প্রাথমিক অনুসন্ধান কার্যক্রমে তিন হাজার ১১৫ জন বাদ পড়া শিশু শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুই হাজার ৮৮৪ জন শিশুকে টিকা দেয়া হয়েছে। অবশিষ্ট ২৩১ জন শিশুকে দ্রুত টিকার আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
ডিএসসিসি এলাকার সব অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে এ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এলাকার কোনো শিশু যেন হাম ও রুবেলার টিকা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করার জন্যও নগরবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে। বাসস








