
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘ইলিশ ফেস্ট’।
অনুষ্ঠানে ঢাকা থেকে প্রকাশিত ‘এ ফিশ কলড ইলিশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) হাইকমিশনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এ উৎসবে ভারতীয় রাজনীতিক, কূটনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংবাদিক এম জে আকবর, সাবেক কূটনীতিক ও রাজনীতিক মণি শংকর আইয়ার, মানবাধিকারকর্মী ও সমাজচিন্তক সৈয়দা হামিদ, সাবেক রাষ্ট্রদূত রণেন সেন এবং বিশিষ্ট সমাজবিজ্ঞানী আশিস নন্দীসহ বিভিন্ন ক্ষেত্রের গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন শেষে বাংলাদেশের হাইকমিশনার মু. রিয়াজ হামিদুল্লাহ বলেন, ইলিশ বাংলাদেশের পরিচয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এটি বাংলাদেশের সমাজ ও অর্থনীতির সাথে মিশে আছে।
তিনি বলেন, দেশে বর্তমানে ইলিশের পাঁচটি অভয়াশ্রম রয়েছে। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের নেয়া নানা উদ্যোগে ইলিশের সংরক্ষণ ও উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যরসিকতার অন্যতম অনুষঙ্গ ইলিশকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে ইলিশের নানা পদের পাশাপাশি বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ও রন্ধনশৈলীর বৈচিত্র্য পরিবেশন করা হয়।
এর মধ্য দিয়ে ভারতের বন্ধু ও শুভানুধ্যায়ীদের সামনে বাংলাদেশের ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি ও আতিথেয়তা তুলে ধরা হয়। অতিথিরা ইলিশের স্বাদ গ্রহণের পাশাপাশি বাঙালির আবেগ ও ঐতিহ্যের নানা দিক উপভোগ করেন এবং এ আয়োজনের ব্যাপক প্রশংসা করেন।
এ ধরনের উদ্যোগ দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো গভীর ও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উৎসবে বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। বাসস








