ডিএনসিসি, ঢাকা উত্তর সিটি করপোরেশন, নাগরিক সেবা, মশক নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ড্রেন ব্যবস্থাপনা, প্রশাসক মো: শফিকুল ইসলাম খান
ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবন সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মাঝে মোটরসাইকেল বিতরণ করেছেন প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।

বৃহস্পতিবার সকালে তিনি গুলশান-২ নগরভবনের সামনে কর্মচারীদের হাতে গাড়ির চাবি দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় প্রশাসক বলেন, কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল প্রদানের মাধ্যমে নাগরিক সেবা আরো সহজ হবে। যেসব কর্মকর্তা-কর্মচারী মোটরসাইকেল পেয়েছেন তারা ঢাকার মশক নিয়ন্ত্রণ, পরিষ্কার পরিচ্ছন্ন ও ড্রেন ব্যবস্থার সেবা প্রদান করবেন।

যেসব রাস্তায় গাড়ি প্রবেশ করে না সেখানে সহজে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করা যায় এবং এই মোটরসাইকেলের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক সেবা আরো দ্রুত ও উন্নত করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, মোটরসাইকেল বরাদ্দ নীতিমালা অনুযায়ী ২১ জন কর্মকর্তা-কর্মচারীর অনুকূলে হায়ার পারচেজ এর ভিত্তিতে ৪৮ লাখ টাকা ব্যয়ে ২১টি মোটরসাইকেল ক্রয় করা হয়।

এই কর্মসূচির আওতায় রাজস্ব বিভাগের সাতজন, স্বাস্থ্য বিভাগের ছয়জন, প্রকৌশলী বিভাগে চারজন, সচিব দফতরে দুইজন, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের একজন ও প্রশাসক দফতরের একজন মোটরসাইকেল পেয়েছেন। কর্মচারীরা ১২০ কিস্তি ঋণ পরিশোধের পর তারা নিজেদের নামে মোটরসাইকেল নিতে পারবেন।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামানে সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েসসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস