রাষ্ট্রপতি, মির্জা ফখরুল, জ্বালানি সঙ্কট, পোশাক খাত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেছেন বিকেএমইএ’র একটি প্রতিনিধিদল ইন্টারনেট

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পোশাক খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমস্যা সমাধানে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ-সহ সকল অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

আজ বুধবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ নেয়া প্রয়োজন, যাতে সব পক্ষ সমান সুবিধা পায়।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের অর্থনীতিকে মজবুত করা, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিতে অর্থ, শিল্প ও ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে।

মির্জা ফখরুল ইসলাম দেশের বিকাশমান অর্থনীতিতে শিল্প ও বাণিজ্যকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত এবং বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপরও গুরুত্ব আরোপ করেন।

জ্বালানি সঙ্কট সমাধানে শিল্প মালিকদের সোলারসহ বিকল্প ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দেন রাষ্ট্রপতি। তিনি বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান অর্থনীতিকে সচল রাখতে কাজ করে যাচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রফতানিকারকদের ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস