
ঢাকার আশুলিয়ার একটি কারখানায় ভয়াবহ আগুনে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং আর্থিক সহায়তা দিতে ঢাকা মেডিক্যাল কলেজের হাসপাতালের (ঢামেক) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) গেছেন সরকারের দুই মন্ত্রী।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান সেখানে যান।
সেখানে আইসিইউতে নুর ইসলাম নামের এক রোগীর সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন মন্ত্রী। পাশাপাশি তাৎক্ষণিকভাবে নুর ইসলাম ও নিহত নজরুল ইসলামের পরিবারের হাতে ৫০ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন।
পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৫টার দিকে দুই মন্ত্রী হাসপাতাল ত্যাগ করেন। সে সময় উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের উপপরিচালক ডা: মোহাম্মদ আশরাফুল ইসলাম, ঊর্ধ্বতন চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা-কর্মচারীরা।
উল্লেখ্য, আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত প্রীতি গ্রুপের এস স্যুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডারবাহী লরিতে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনে সাতজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকের এ ঘটনার খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত ১১টা ৪৪ মিনিটে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ করা হয়।







