কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু
কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু প্রতীকী ছবি

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে সোহরাব হোসেন (৫৫) নামের এক কয়েদির ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে মৃত্যু হয় তার। এর আগে গত ১৪ সেপ্টেম্বর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে চিকিৎসার জন্য ঢামেকে এনে ভর্তি করা হয়।

সোহরাব হোসেন নওগাঁ জেলার মান্দা থানার রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম উদ্দিন। তবে তিনি কোন মামলায় কারাদণ্ড ভোগ করছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারারক্ষী আমিনুল ইসলাম জানান, সোহরাব হোসাইন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে ঢাকা মেডিক্যালে জরুরি বিভাগে নিয়ে এলে ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি দেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, লাশ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদনর শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।