নিহত পুলিশ সদস্য আলতাফের পরিবারকে আর্থিক অনুদান আইজিপির
নিহত পুলিশ সদস্য আলতাফের পরিবারকে আর্থিক অনুদান আইজিপির ছবি: সংগৃহীত

 

সন্ত্রাসীদের হামলায় নিহত এসআই (নিরস্ত্র) মো: আলতাফ হোসেনের পরিবারকে আর্থিক অনুদান দিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির।

গত ৫ সেপ্টেম্বর সাভারের বরদেশী পশ্চিমপাড়ায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় নিহত হন তিনি।

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী স্পেশাল ব্রাঞ্চের এসআই (নিরস্ত্র) মো: আলতাফ হোসেনের পরিবারের সদস্যরা আজ পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, আইজিপি মো: আলী হোসেন ফকিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

সাক্ষাৎকালে আইজিপি পুলিশ কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় আইজিপি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দায়িত্ব পালনকালে এসআই (নিরস্ত্র) মো: আলতাফ হোসেনের আত্মত্যাগ পেশাগত কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার এ অসামান্য অবদান বাংলাদেশ পুলিশ সর্বদা শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

একইসাথে তিনি পরিবারটিকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা প্রদান করেন এবং আলতাফের এ আত্মত্যাগ সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রাপ্তির যোগ্য বলে উল্লেখ করেন। বাসস