প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে কথা বলেন আইজিপি মো: আলী হোসেন ফকির
প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনকালে কথা বলেন আইজিপি মো: আলী হোসেন ফকির ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে সারাদেশে নির্বাচনী প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো: আলী হোসেন ফকির। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সদরদফতর জানায়, সারাদেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে এর আগে নির্বাচনী প্রশিক্ষণ নেননি, এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে এ প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের প্রথম ব্যাচে অংশ নিচ্ছেন চার হাজার ৯৬৫ জন পুলিশ সদস্য। পুলিশ সদরদফতর জানায়, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেয়া হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে তাদের এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেয়া হবে। নতুন করে নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণকারী পুলিশ সদস্যদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হওয়ার পর রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে। সূত্র : ইউএনবি