মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার
নয়া দিগন্ত অনলাইন2 মিনিটে পড়ুন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ ছবি: সংগৃহীতমালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় উন্মুক্ত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ।
তিনি বলেন, এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতোমধ্যে দু’দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সাথে দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টি উত্থাপন করেছেন।
বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বায়রার সাবেক সদস্যরা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে তাদের দাবির পক্ষে সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বায়রার সাবেক প্রতিনিধিরা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে তাদের সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সকল বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ প্রদান, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য নিরসন, অভিবাসন ব্যয় উল্লেখযোগ্য হারে কমানো, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা, সকল যোগ্য মেডিক্যাল সেন্টার উন্মুক্ত করা এবং বোয়েসেলের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস চালু করা।
বায়রা প্রতিনিধিদের দাবিগুলো মনোযোগসহকারে শোনেন সচিব মো: মোখতার আহমেদ। তিনি তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং তা পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।
সচিব বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এ সুযোগে কোনো মধ্যস্বত্বভোগী যাতে ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
বিশেষ করে দালাল ও প্রতারক চক্রের হাত থেকে সাধারণ কর্মীদের রক্ষায় মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ত্রিপল এ ওভারসিজ’-এর অফিস সিলগালা, জরিমানা এবং তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, সুনির্দিষ্ট কোন প্রক্রিয়ায় মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণ শুরু হবে, সে বিষয়ে প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত নিশ্চিত ও সঠিক তথ্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সূত্র : বাসস