নিকাহ
নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি। নয়া দিগন্ত

দিনাজপুরে নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিসহ ১০ দফা দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে এই কর্মসূচি পালন করা হয়। 

Advertisement

সোমবার (১৬ নভেম্বর ) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপি এই কর্মসূচি পালন করা হয়। 

একই দাবিতে এর আগেও ঢাকাসহ সারা দেশে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের দিনাজপুর জেলা শাখার নির্বাহী সভাপতি কাজী মো: জাকিরুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মো: হামিদুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মো: নুর আলম ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক কাজে মো: আব্দুল হামিদ। 

অনুষ্ঠানে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কাজী মো: ফয়জার রহমান, সহ-সভাপতি কাজী মো: মতিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী মো: আব্দুল ওয়াদুদসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলার প্রতিটি ইউনিয়নের মুসলিম নিকাহ রেজিস্ট্রার অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বর্তমানে সারা দেশে পাঁচ হাজারের অধিক মুসলিম নিকাহ রেজিস্ট্রার রয়েছেন। যার মধ্যে প্রায় চার হাজার নিকাহ রেজিস্ট্রার বিএনপি সরকারের তিন মেয়াদের বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। 

বর্তমানে একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ-সাতটি বিবাহ রেজিস্ট্রি করে থাকেন। এই সীমিত উপার্জনে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির সাথে পাল্লা দিয়ে আমাদের পরিবার নিয়ে সংসারের খরচ মেটানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এসব বিবেচনায় অবিলম্বে ১০ দফা দাবি মেনে নেওয়ার সরকারের প্রতি আহ্বান জানায় বক্তারা।

তাদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—অধিক্ষেত্র বহাল রাখা, নিকাহ রেজিস্ট্রারের বয়স ৬৭ বছরের পরিবর্তে ৭৫ বছর নির্ধারণ, বিবাহের ক্ষেতে বর ও কানের বয়স নির্ধারণ, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রারের হয়রানি বন্ধ করা, নিকাহ রেজিস্ট্রারদের নিজ খরচে অফিস সহকারী রাখার অনুমতি প্রদান, বিবাহের রেজিস্ট্রেশন ফি বৃদ্ধি করা, বাল্য বিবাহ বন্ধ করতে নোটারি পাবলিকের সম্পাদন বন্ধ করা, বিবাহের ক্ষেত্রে নোটারি পাবলিকের হলফনামা বন্ধ করা এবং অনলাইনে বিবাহ ও তালাকনামা সত্যায়নে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে লিপিবদ্ধ নাম ঠিকানা মোতাবেক বিবাহ ও তালাকনামা সংশোধন করার বিধান করা।