
শহর ও প্রত্যন্ত অঞ্চলে পুষ্টিকর দুধের সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা রাখছে ইউএইচটি (আলট্রা হাই টেম্পারেচার) প্রযুক্তি। অতি উচ্চ তাপমাত্রায় প্রক্রিয়াজাতকরণ ও অ্যাসেপটিক প্যাকেজিংয়ের মাধ্যমে দুধ দীর্ঘ সময় সংরক্ষণের সুযোগ তৈরি হওয়ায় পরিবহন ও বিতরণে শীতল সংরক্ষণব্যবস্থার ওপর নির্ভরতা কমানো সম্ভব হচ্ছে।
পুষ্টিকর খাবারের প্রয়োজন সবার থাকলেও সব এলাকায় তা সহজে পাওয়ার সুযোগ সমান নয়। বিশেষ করে শহরের বাইরে গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে দুধের নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে পরিবহন, সংরক্ষণ ও বাজারব্যবস্থার নানা সীমাবদ্ধতা রয়েছে। প্রোটিনসমৃদ্ধ দুধের পুষ্টিগুণ মানুষের কাছে পৌঁছে দিতে উৎপাদনের পাশাপাশি প্রয়োজন কার্যকর বিতরণব্যবস্থা ও উপযুক্ত প্রযুক্তির ব্যবহার।
দুধ প্রোটিন ও ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ উৎস। সুষম খাদ্যতালিকায় এটি শিশু-কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে। তবে দ্রুত নষ্ট হওয়ার প্রবণতার কারণে উৎপাদনের পর দুধ যথাযথভাবে সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ করা জরুরি। বিশেষ করে দীর্ঘ দূরত্বে পরিবহনের ক্ষেত্রে সময়, তাপমাত্রা ও পরিচ্ছন্নতা গুরুত্বপূর্ণ।
খোলা দুধের ক্ষেত্রে যথাযথ শীতলীকরণ ও দ্রুত পরিবহন প্রয়োজন। কিন্তু যেসব এলাকায় শীতল সংরক্ষণব্যবস্থা বা কোল্ড চেইনের সুবিধা সীমিত, সেখানে দুধের সরবরাহ পরিচালনা কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে ইউএইচটি প্রযুক্তিতে প্রক্রিয়াজাত দুধ বিকল্প সুযোগ তৈরি করেছে।
এই প্রক্রিয়ায় দুধকে অতি উচ্চ তাপমাত্রায় অল্প সময়ের জন্য উত্তপ্ত করে দ্রুত ঠান্ডা করা হয়। এরপর জীবাণুমুক্ত পরিবেশে অ্যাসেপটিক প্যাকেটে ভরে সিল করা হয়। সঠিকভাবে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত দুধ লেবেলে উল্লেখ করা শর্ত মেনে দীর্ঘ সময় ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যায়। ফলে পরিবহন ও বিতরণের ক্ষেত্রে শীতল সংরক্ষণব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়।
খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও অ্যাসেপটিক প্যাকেজিং প্রযুক্তি সরবরাহে টেট্রাপ্যাক অগ্রণী ভূমিকা পালন করছে। এ ধরনের প্রযুক্তি দুধের সংরক্ষণকাল বাড়ানোর পাশাপাশি প্যাকেট খোলার আগে বাইরের দূষণ থেকে সুরক্ষায় সহায়তা করে।
দুধের সরবরাহব্যবস্থা উন্নত হলে ভোক্তাদের সুবিধা বাড়ার পাশাপাশি উৎপাদকদেরও বাজারের সাথে সংযোগ তৈরির সুযোগ তৈরি হতে পারে। তবে এ জন্য প্রয়োজন নির্ভরযোগ্য দুধ সংগ্রহব্যবস্থা, মান নিয়ন্ত্রণ, পরিবহন এবং স্থানীয় বাজারে পণ্য পৌঁছানোর কার্যকর পরিকল্পনা। একইসাথে ক্ষুদ্র দুগ্ধ খামারিদের উৎপাদিত দুধের গুণগত মান বজায় রাখা ও বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ।
পুষ্টিকর দুধ মানুষের নাগালে পৌঁছানোর বিষয়টি শুধু প্রাপ্যতার মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবারের ক্রয়ক্ষমতা, পুষ্টি সম্পর্কে সচেতনতা ও খাদ্যাভ্যাসও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ডাল, ডিম, মাছ, শাকসবজি, ফলসহ অন্যান্য খাবারের পাশাপাশি দুধকেও সুষম ও নিয়মিত খাদ্যতালিকার অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
দুধ কেনার সময় প্যাকেটের মেয়াদ ও সিল পরীক্ষা করা উচিত। প্যাকেট খোলার পর ইউএইচটি মিল্কও ফ্রিজে রাখতে হবে এবং লেবেলে দেয়া নির্দেশনা অনুযায়ী ব্যবহার করতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








