
বাগেরহাটের মোংলায় কর্ম-অধিক্ষেত্র সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে মোংলার বিএলএস রোডে এই কর্মসূচি পালিত হয়।
‘বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ’র উদ্যোগে সারা দেশে একযোগে এ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছিল।
অবস্থান কর্মসূচিতে সংগঠনের মোংলা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক ফরকান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান ও কাজী ওমর ফারুকসহ স্থানীয় নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
আন্দোলনকারীরা জানায়, প্রস্তাবিত ‘মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা-২০২৬’র খসড়ায় কর্ম-অধিক্ষেত্র পুনর্বিন্যাস ও নিয়োগের যোগ্যতা পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর প্রতিবাদে তারা পাঁচ দফা দাবি তুলে ধরেন।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে— লাইসেন্সে উল্লিখিত বর্তমান কর্ম-অধিক্ষেত্র বহাল রাখা, মৃত বা অবসরজনিত কারণে শূন্য পদে যোগ্য পুত্রকে লাইসেন্স দেয়া, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি করা, নিয়োগের ক্ষেত্রে আগের বিধিমালার যোগ্যতা বহাল রাখা এবং নতুন বিধিমালা প্রণয়নের কমিটিতে নিকাহ রেজিস্ট্রারদের অন্তত দু’জন অভিজ্ঞ প্রতিনিধি রাখা।
বক্তারা বলেন, প্রস্তাবিত বিধিমালাটি কার্যকর হলে তাদের পেশাগত অধিকার ও বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
মোংলা উপজেলায় বর্তমানে ১০ জন নিকাহ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। এর মধ্যে পৌরসভা এলাকায় চারজন এবং ছয়টি ইউনিয়নে ছয়জন কর্মরত রয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








