
পদ্মার বুকে যেন এক টুকরো কক্সবাজার। দিগন্তজোড়া বালুচর, নদীর বিস্তীর্ণ জলরাশি, কাশবন আর মুক্ত আকাশের নিচে প্রকৃতির অপার সৌন্দর্য। কখনো নদীর বুকে নৌভ্রমণ, কখনো বালুচরে পা ভিজিয়ে হাঁটা, আবার কখনো সোনালি সূর্যাস্ত উপভোগ। সব মিলিয়ে মনোমুগ্ধকর এক প্রাকৃতিক পরিবেশ। শহরের কোলাহল ছেড়ে একটু প্রশান্তির খোঁজে প্রতিদিনই এখানে ছুটে আসছেন কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার হাজারো মানুষ। স্থানীয়দের কাছে পদ্মার এই অপরূপ স্থানটি পরিচিতি পেয়েছে ‘মিনি কক্সবাজার’ নামে।
কুষ্টিয়া শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে হরিপুর মহানগর ট্যাগসংলগ্ন পদ্মা ও গড়াই নদীর মিলনস্থলের সাথেই এই মনোরম জনপদ। পদ্মা থেকে গড়াই নদীর উৎপত্তিস্থল হওয়ায় স্থানটির ভৌগোলিক গুরুত্বও রয়েছে। বর্ষা শেষে নদীর পানি কমতে শুরু করলে জেগে ওঠে বিস্তীর্ণ বালুচর। কোথাও নদীর বুকে কাশবন, কোথাও খোলা বালুর মাঠ, আবার কোথাও স্বচ্ছ জলরাশির মিতালি। প্রকৃতির এই রূপ দেখতে বিকেল হলেই বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়।
কেউ নদীর পাড়ে বসে নির্মল বাতাস উপভোগ করছেন, কেউ বালুচরে হাঁটছেন, আবার কেউ নৌকায় চড়ে ঘুরে দেখছেন পদ্মা ও গড়াইয়ের মোহনা। পরিবার-পরিজন, বন্ধু কিংবা প্রিয়জনদের সাথে সময় কাটানোর পাশাপাশি ছবি ও ভিডিও ধারণেও ব্যস্ত থাকেন অনেকে। কুষ্টিয়া শহর থেকে বিকেলে নৌকায় নদীপথে ঘুরতে গেলে প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগে। অন্যদিকে হরিপুরের ভেতর দিয়ে সড়কপথে অটোরিকশা, রিকশা কিংবা ব্যক্তিগত গাড়িতেও সহজে পৌঁছানো যায়।
খোকসা থেকে ঘুরতে আসা বিপ্লব হোসেন বলেন, ‘এখানে এলে মিনি কক্সবাজারের মতো অনুভূতি পাওয়া যায়। সরকারি উদ্যোগে কিছু ব্যবস্থা করা হলে জায়গাটি আরও সুন্দর হতো। দর্শনার্থীরাও স্বাচ্ছন্দ্যে বেশি সময় কাটাতে পারতেন।’
খুলনা থেকে আসা পর্যটক ধর্মরাজ সরকার বলেন, ‘পদ্মা নদীর ত্রিমোহনাটা খুব ভালো লেগেছে। এখানে কুয়াকাটা ও কক্সবাজারের মতো অনভুতি হচ্ছে। তবে যাতায়াতব্যবস্থা আরও উন্নত করা প্রয়োজন।’
কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া থেকে আসা বুশরা জাহান বিদিশা ও নুশরাত জাহান অন্নিশার কাছেও জায়গাটি বেশ আনন্দের।
তারা জানায়, নানুর বাড়ি থেকে ঘুরতে এসে এখানকার পরিবেশ তাদের খুব ভালো লেগেছে। কক্সবাজারের মতো অনুভূতি পাচ্ছে তারা। প্রকৃতির এমন সৌন্দর্য থাকলেও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এখনো সীমিত। পর্যাপ্ত বসার জায়গা, শৌচাগার, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন আগতরা। নদীর বালুচরে যাতায়াতের ব্যবস্থাও আরও পরিকল্পিত করা প্রয়োজন।
স্থানীয় তরুণ লিসান আল সানভী বলেন, ‘এখানকার পরিবেশ খুব ভালো। আমরা মাঝেমধ্যেই ঘুরতে আসি। এখানে এলে মন ভালো হয়ে যায়। দূরদূরান্ত থেকে অনেক মানুষ আসেন, ঘুরে দেখেন এবং আনন্দ উপভোগ করেন। সুযোগ-সুবিধা বাড়ানো হলে আরও বেশি মানুষ আসবেন।’
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে পদ্মার জলরাশিতে ছড়িয়ে পড়ে সূর্যাস্তের সোনালি আভা। নদীর ওপারে দিগন্তজোড়া প্রকৃতির দৃশ্যের পাশাপাশি দূরে চোখে পড়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্থাপনা। প্রকৃতি ও আধুনিক স্থাপত্যের এমন মেলবন্ধন দর্শনার্থীদের মুগ্ধ করে।
স্থানীয়দের প্রত্যাশা, পরিকল্পিত উদ্যোগে এই পদ্মাতীরকে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে এটি শুধু কুষ্টিয়ার নয়, দেশের বিভিন্ন অঞ্চলের ভ্রমণপিপাসু মানুষের অন্যতম গন্তব্য হয়ে উঠতে পারে। একই সাথে পর্যটনকে ঘিরে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনাও তৈরি হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








