খুন
খুন হওয়া দুইজন। নয়া দিগন্ত

ময়মনসিংহ নগরে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে দুইপক্ষের দুইজন নিহত হয়েছেন। প্রথমে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান (৩৫)। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েক ঘণ্টার ব্যবধানে গণপিটুনিতে প্রাণ হারান মেহেদী হাসান (৩১)। একের পর এক হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদীর মৃত্যু হয়। এর আগে রোববার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে বের হন সুরুজ্জামান। মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকায় পৌঁছালে মেহেদীসহ কয়েকজন তার পথরোধ করেন। একপর্যায়ে বুকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান তারা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুরুজ্জামান ওই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটির সদস্য ছিলেন। তার বড় ভাই ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রোমান কাউসারের দাবি, এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগপন্থী একটি গোষ্ঠীর সাথে তাদের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে।

সুরুজ্জামানের চাচাতো ভাই সাদেক হোসেনের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম ও তার ভাই মেহেদী হাসান এ হত্যাকাণ্ডে জড়িত।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী রোববার রাতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পরে অভিযুক্তদের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয় লোকজন মেহেদী হাসানকে আটক করে গণপিটুনি দেন। এতে গুরুতর আহত হলে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মেহেদী বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাহাঙ্গীরের নেতৃত্বেই সুরুজ্জামান হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও আনুষ্ঠানিক বক্তব্য গুরুত্বপূর্ণ।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম বলেন, ‘একই ঘটনায় পাল্টাপাল্টি হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে একের পর এক প্রাণহানির ঘটনায় নগরজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে এলাকায় আরও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।