
লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটি (হ্যাচারি) চলছে জনবল ও অবকাঠামোগত সঙ্কটে। ৭৭টি অনুমোদিত পদের বিপরীতে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে ৬১টি পদ। কাগজে-কলমে পদায়িত ১৮ জনের মধ্যে পাঁচজন প্রেষণে থাকায় কর্মরত আছেন মাত্র ১৩ জন। এতে ব্যাহত হচ্ছে কেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম। বন্ধ রয়েছে ল্যাবরেটরি, জরাজীর্ণ হয়ে পড়েছে আবাসিক ভবন ও ডরমিটরি। নষ্ট হয়ে পড়ে আছে বড় জেনারেটর। পর্যাপ্ত পানির পাম্প না থাকায় ৭৫টি পুকুরের ব্যবস্থাপনাও কঠিন হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে ৫৪ একর জমির ওপর কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এখানে রয়েছে ৭৫টি পুকুর। মৎস্য প্রজনন, রেণু পোনা উৎপাদন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে প্রতিষ্ঠানটি। তবে প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধার অভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের।
কেন্দ্রটির জনবলসঙ্কটের চিত্র বেশ উদ্বেগজনক। প্রথম শ্রেণির ১০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দু’জন। বৈজ্ঞানিক কর্মকর্তার ছয়টি পদের একটিও পূরণ হয়নি। দ্বিতীয় শ্রেণির একটি পদও শূন্য রয়েছে। তৃতীয় শ্রেণির ৪১টি পদের বিপরীতে কর্মরত মাত্র আটজন। হিসাবরক্ষক, ক্যাশিয়ার, গুদামরক্ষক ও দক্ষ ফিশারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদগুলোও দীর্ঘদিন ধরে শূন্য। চতুর্থ শ্রেণির ২৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১২ জন।
সরেজমিনে দেখা যায়, প্রয়োজনীয় জনবল ও রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রটির ল্যাবরেটরি বন্ধ রয়েছে। আবাসিক ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। একই অবস্থা ডরমিটরি ভবনেরও। কেন্দ্রের এক পাশের সীমানাপ্রাচীর ধসে পড়ার উপক্রম হয়েছে। ৭৫টি পুকুরে পানি সরবরাহ ও সেচের জন্য পর্যাপ্ত পাম্প নেই। বড় জেনারেটরটি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় বিদ্যুৎ চলে গেলে ছোট একটি জেনারেটরের ওপর নির্ভর করতে হয়। পুরোনো যন্ত্রাংশ মেরামত করে কোনোরকমে চালানো হচ্ছে হ্যাচারির কার্যক্রম।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রের তৃতীয় শ্রেণির একজন কর্মচারী বলেন, লোকবল কম থাকায় তিনজনের কাজ একজনকে করতে হচ্ছে। এতে নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের প্রচুর হিমশিম খেতে হয়।
মৎস্যসম্পদ উন্নয়ন ও রেণু পোনা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানটির এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের দাবি, দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো সংস্কার, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করতে হবে। অন্যথায় দীর্ঘ মেয়াদে প্রতিষ্ঠানটির উৎপাদন ও প্রশিক্ষণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আবদুল্লাহ আকন্দ বলেন, ‘৭৭ জনের জনবলের বিপরীতে কাগজে-কলমে ১৮ জন পদায়িত রয়েছেন। এর মধ্যে পাঁচজন প্রেষণে আছেন। বাকি ১৩ জনকে দিয়ে পুরো প্রতিষ্ঠানের কাজ চালাতে হচ্ছে। জনবলসঙ্কটের বিষয়টি জানিয়ে প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হচ্ছে। সঙ্কটের মধ্যেও চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আশা করছি, শিগগিরই জনবলসঙ্কট দূর হবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








