
নীলফামারীর ডিমলা উপজেলায় প্রায় দুই মাস ধরে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডের মতো অতি গুরুত্বপূর্ণ পদটি শূন্য পড়ে আছে। জনগুরুত্বপূর্ণ এ পদে দীর্ঘদিন কোনো স্থায়ী কর্মকর্তা না থাকায় উপজেলার সামগ্রিক ভূমি প্রশাসনিক কার্যক্রম কার্যত মুখ থুবড়ে পড়েছে। জমির নামজারি, জমা খারিজ, বাটোয়ারা ও ভূমি উন্নয়ন কর পরিশোধসহ মৌলিক ভূমিসেবা পেতে সীমাহীন হয়রানি ও ভোগান্তিতে পড়েছেন উপজেলার ১০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ।
একদিকে সেবাপ্রত্যাশীদের দিনের পর দিন ভূমি অফিসে ধরনা দিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে, অন্যদিকে নিজ দফতরের বহুমুখী কাজের চাপে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিস সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। ফলে প্রান্তিক জনপদের সাধারণ মানুষের অর্থ ও কর্মঘণ্টা অপচয়ের পাশাপাশি জমিজমা-সংক্রান্ত জটিলতা প্রকট আকার ধারণ করছে।
ডিমলা উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৪ সেপ্টেম্বর তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় বদলি হয়ে চলে যান। এরপর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও জনগুরুত্বপূর্ণ এ পদে নতুন কোনো কর্মকর্তাকে পদায়ন করা হয়নি। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান নিয়মিত দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম দেখভাল করছেন।
তবে উপজেলা প্রশাসনের নির্বাহী প্রধান হিসেবে ইউএনওকে সরকারের সব দফতরের কার্যক্রম তদারকি, উন্নয়ন কর্মকাণ্ডের সমন্বয়, নিয়মিত প্রশাসনিক সভা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জরুরি রাষ্ট্রীয় নির্দেশনা বাস্তবায়নসহ নানামুখী গুরুদায়িত্ব পালন করতে হয়। এতসব ব্যস্ততার ভিড়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের জটিল নথিপত্র যাচাই ও নিয়মিত শুনানি গ্রহণ করা তার পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ফলে ভূমি অফিসে সৃষ্টি হয়েছে তীব্র ফাইলজট।
সরেজমিনে উপজেলা ভূমি অফিস ও বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিস ঘুরে এবং ভুক্তভোগীদের সাথে কথা বলে দেখা গেছে, জমি কেনার পর নামজারি সম্পন্ন করতে না পারায় নতুন মালিকেরা চরম অনিশ্চয়তা ও বিড়ম্বনায় পড়েছেন। ওয়ারিশদের মধ্যে জমি বণ্টন, জরুরি প্রয়োজনে জমির কাগজপত্র হালনাগাদ করা কিংবা ব্যাংক ঋণ, চিকিৎসা ও পারিবারিক প্রয়োজনে জমি সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করতে গিয়ে মানুষ মাসের পর মাস ঘুরছেন।
সবচেয়ে অসহায় অবস্থায় পড়েছেন তিস্তা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল ও দূরবর্তী ইউনিয়নগুলো থেকে আসা সেবাপ্রত্যাশীরা। অতিরিক্ত অর্থ খরচ ও দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপজেলা সদরে এসে কাজ না হওয়ায় তাঁদের বারবার যাতায়াত করতে হচ্ছে। এতে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের পকেট কাটার পাশাপাশি নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা।
ভূমিসেবা নিতে আসা আহসান হাবীব নামের এক ভুক্তভোগী বলেন, ‘দেড় মাস আগে নামজারির জন্য আবেদন করেছিলাম। এখনো কোনো অগ্রগতি নেই। অফিসের কেউ দায়িত্ব নিয়ে বলতে পারছেন না, কবে নাগাদ নামজারি সম্পন্ন হবে। জরুরি কাজ আটকে থাকায় বারবার অফিসে এসে শুধু হয়রানির শিকার হচ্ছি।’
ভূমি অফিসের এই অচলাবস্থার নেতিবাচক প্রভাব পড়েছে উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসকেন্দ্রিক পেশাজীবীদের ওপরও। দলিল লেখক সুমন ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘প্রতিদিন সাব-রেজিস্ট্রি অফিসে প্রচুর জমি কেনাবেচা হয়। দলিল সম্পাদনের পরপরই ক্রেতা-বিক্রেতাদের নামজারি, বাটোয়ারা ও খাজনা পরিশোধের প্রয়োজন পড়ে। কিন্তু এসিল্যান্ড না থাকায় এসব কাজে চরম দীর্ঘসূত্রতা ও জটিলতা তৈরি হচ্ছে। এতে ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি আমাদেরও পেশাগত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।’
উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, উপজেলার অধীনে ১০টি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। এসব অফিসের কার্যক্রম তদারকি, সরকারি খাসজমি রক্ষা ও নামজারি নিষ্পত্তিতে এসিল্যান্ডের সার্বক্ষণিক উপস্থিতি অপরিহার্য। দীর্ঘদিন পদটি শূন্য থাকায় ইউনিয়ন ভূমি অফিসগুলোর কার্যক্রমেও চরম স্থবিরতা নেমে এসেছে।
গয়াবাড়ি ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা রায়হান কবির বিষয়টি স্বীকার করে বলেন, ‘প্রায় দুই মাস ধরে এসিল্যান্ড না থাকায় নামজারি ও জমাখারিজের কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। সেবাপ্রত্যাশীরা দ্রুত কাজ শেষ করার প্রত্যাশা নিয়ে অফিসে আসেন, কিন্তু এই দীর্ঘসূত্রতার কারণ তাঁদের বুঝিয়ে সামাল দেওয়াও আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।’
এ বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান বলেন, ‘উপজেলা প্রশাসনের নিয়মিত ও বহুমুখী দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভূমি অফিসের কার্যক্রম দেখভাল করতে হচ্ছে। জনভোগান্তির বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। সহকারী কমিশনার (ভূমি) পদে দ্রুত একজন স্থায়ী কর্মকর্তা পদায়নের জন্য জেলা প্রশাসক মহোদয়কে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে। নতুন কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত ভূমিসেবা যতটা সম্ভব সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








