গ্রেফতার
গ্রেফতার আওয়ামী লীগ কর্মীরা। নয়া দিগন্ত

রাজধানীর আজিমপুরে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানা পুলিশ।

Advertisement

শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন মো: সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো: রাসেল আহম্মেদ (৪২) ও মো: মফিজুল ইসলাম (৫০)।

লালবাগ থানা সূত্রে জানা যায়, গ্রেফতার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর আলম একই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। 

সূত্রে আরও জানা যায়, গ্রেফতাররা গত ১৩ নভেম্বর লালবাগ থানাধীন আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মিছিলের আয়োজন ও তাতে অংশগ্রহণ করেন। 

পরবর্তীতে ১৪ নভেম্বর সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।