
মাদারীপুর জেলার ৬১টি ইটভাটার একটিরও নেই কোনো বৈধ লাইসেন্স কিংবা পরিবেশ অধিদফতরের ছাড়পত্র। পরিবেশ আইন ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ফসলি জমির সাথে গড়ে ওঠা এসব ইটভাটায় জ্বালানি হিসেবে প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ।
খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নেই গড়ে উঠেছে ২৫টি ইটভাটা। শুধু সদর উপজেলায় মোট ভাটার সংখ্যা ৩৭টি। এ ছাড়া শিবচরে ১৫টি, কালকিনিতে আট এবং ডাসার উপজেলায় রয়েছে একটি ইটভাটা। জেলার প্রতিটি উপজেলায় কমবেশি এই অবৈধ বাণিজ্যের বিস্তার ঘটলেও সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চিত্র সবচেয়ে ভয়াবহ।
সরেজমিন পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন ইটভাটা ঘুরে দেখা যায়, ফসলি জমির মাঝখানে বসানো হয়েছে ইটভাটার বিশালাকার চিমনি। ভাটার মধ্যেই কাঠ কাটার করাতকল (সিমমিল) বসিয়ে নির্বিচারে কাটা হচ্ছে বনজ ও ফলজ গাছ। বাগান থেকে কাঠ এনে সরাসরি আগুনে পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে। অথচ আইন অনুযায়ী ইটভাটায় কয়লা ব্যবহারের কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না। ফলে একদিকে যেমন উজাড় হচ্ছে বনাঞ্চল, অন্যদিকে কালো ধোঁয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সাকিব হাওলাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ইটভাটার কারণে আমাদের এই এলাকার পরিবেশ আজ ধ্বংসের মুখে। কালো ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে থাকে। ভাটার মালিকরা জোরপূর্বক আমাদের ফসলি জমি কেটে নিচ্ছেন। সারাদিন মাটিবাহী ট্রাক্টর ও ড্রামট্রাকের চলাচলে গ্রামীণ রাস্তাঘাট ভেঙে একাকার হয়ে গেছে, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী কৃষক বলেন, ‘ইটভাটার মালিকরা এলাকার খুবই প্রভাবশালী। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলে এলাকায় থাকা যায় না। তারা এমনভাবে পুকুরের মতো গভীর করে ফসলি জমি কাটে, যার ফলে পাশের কৃষকদের উর্বর জমিও ভেঙে ধসে পড়ে। বাধ্য হয়ে নামমাত্র মূল্যে তাদের কাছে জমি বিক্রি করতে হয়। আমরা এর থেকে মুক্তি চাই।’
এ বিষয়ে মাদারীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে ইতোমধ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়েছে এবং আগামীতেও এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার বলেন, ‘জেলায় পরিচালিত ইটভাটাগুলোর কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই। অবৈধ এই ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে দুঃখজনক হলেও সত্য যে, বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত বা অভিযান পরিচালনা করতে গেলে ভাটা মালিকরা নানাভাবে বাধা সৃষ্টি করে। তবুও জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বলবৎ থাকবে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








