দলিল লেখক
দলিল লেখকদের আন্দোলন। নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে দলিল লেখকদের সাথে বিরোধকে কেন্দ্র করে উপজেলা সাব-রেজিস্টারের বিরুদ্ধে আন্দোলন করে তার পদত্যাগ দাবি করেছেন দলিল লেখকরা। এ সময় অফিসের কর্মচারী কার্যালয়ের ভেতর থেকে তালা দিলে বাইরে বিক্ষোভ করা হয়। 

Advertisement

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচ এম ইবনে মিজান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দলিল লেখকদের অভিযোগ, গত রোববার শিবচর সাব-রেজিস্টার হিসেবে উপজেলা রেজিস্ট্রি অফিসে যোগদান করেন আবরার ইবনে রহমান। যোগদানের পর থেকেই বিভিন্ন কারণ দেখিয়ে দলিল নিবন্ধন কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছেন তিনি। আইনের অজুহাতে দলিল আটকে রেখে পরে নিবন্ধনের জন্য ঘুষ দাবি করেন। বিষয়টিতেই আপত্তি জানায় দলিল লেখকরা। এই ঘটনায় সাব-রেজিস্টারের পদত্যাগ দাবি করে আন্দোলনরত দলিল লেখক সমিতির সদস্যরা। খবর পেয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে আন্দোলনরত দলিল লেখককরা শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। একই সাথে ওই সাব রেজিস্টারকে দ্রুত অপসারণ দাবি করেন।

শিবচর দলিল লেখক সমিতির সভাপতি ইব্রাহিম মুন্সি বলেন, ‘বিভিন্ন আইনের অজুহাতে আমাদের দলিল আটকে দেন। পরে মোটা অংকের টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিলে কাজ করে দেন। আমরা এই কর্মকর্তা চাই না।’

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে সাব-রেজিস্টার আবরার ইবনে রহমান বলেন, ‘সরকারি বিধিমালা মেনেই দলিল নিবন্ধনের কাজ করছি। কিন্তু কেউ কেউ ত্রুটিযুক্ত দলিল নিয়ে আসেন। সেগুলো নিবন্ধনের অনুমতি না দেয়ায় তারা আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন।’

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ‘দলিল লেখকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দোষ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দলিল লেখকদের কোনো অন্যায় থাকলেও তাদের বিরুদ্ধে  ব্যবস্থা নেয়া হবে।’