
কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি-২০২৬’।
বৃত্তি পরীক্ষার যাবতীয় ব্যয় বহন করবে সাগর গ্রুপ ও সাগর ফাউন্ডেশন। পরীক্ষায় অংশগ্রহণকারী ৯০ শিক্ষার্থীর সবাইকে সনদ ও স্কুল ব্যাগ দেয়া হবে। এর মধ্যে ৩০ জন পাবে মেধা বৃত্তি।
বৃত্তি আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষক, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সমন্বয়ে একটি বৃত্তি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির জানান, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই এবং পড়ালেখায় উৎসাহিত করতে এ বৃত্তি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। বৃত্তির সম্পূর্ণ ব্যয় বহন করবে সাগর গ্রুপ ও সাগর ফাউন্ডেশন। এজন্য জনপ্রতি নামমাত্র ৫০ টাকা শুভেচ্ছা ফি নেয়া হচ্ছে। পরীক্ষার দিন এই অর্থও একজন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে।’
তিনি জানান, ‘তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ৯০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। তাদের প্রত্যেককে সনদ ও সাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি করে স্কুল ব্যাগ দেয়া হবে। বৃত্তিপ্রাপ্ত ৩০ শিক্ষার্থী উপহার হিসেবে পাবে আর্থিক অনুদান, মেডেল, সনদ ও স্কুল ব্যাগ। এছাড়া বেস্ট স্টুডেন্টকে দেয়া হবে ক্রেস্ট। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোকেও ক্রেস্ট দেয়া হবে।’
এরফানুল কবির আরো জানান, ‘বৃত্তি আয়োজনের যাবতীয় ব্যয়, পরিচালনা কমিটির সম্মানি, বৃত্তির অর্থ এবং অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আপ্যায়নের খরচ বহন করবে সাগর ফাউন্ডেশন। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষার দায়িত্ব ও খাতা মূল্যায়নের কাজ দেয়া হবে পাশের ইউনিয়নের বিদ্যালয়গুলোর শিক্ষকদের।’
বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ জানান, ‘সাগর ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি জনহিতৈষীমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। এর কার্যালয় নিউইয়র্কে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান সাগর গ্রুপের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।’
তিনি জানান, ‘সাগর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাব উদ্দিন সাগর একজন প্রতিষ্ঠিত সাংবাদিক, সম্পাদক এবং নিউইয়র্কের অগ্রবর্তী অংশের প্রতিনিধিত্বশীল কমিউনিটি নেতা। তিনি সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক। তার গ্রামের বাড়ি কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের বাজার পাড়ায়। সাংবাদিকতার শেকড় বাংলাদেশে থাকায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও তিনি নিজের শেকড়ের কথা ভুলে যাননি। এলাকাবাসীর জন্য নীরবে কাজ করে যাচ্ছেন শাহাব উদ্দিন সাগর। বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ ও আর্থিক সহায়তা দিয়ে আসছেন তিনি। এবার আয়োজন করছেন মেধা বৃত্তি পরীক্ষা।’
মোহাম্মদ আমান উল্লাহ আরে জানান, ‘ঢেমুশিয়া ইউনিয়নের উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে বৃত্তি পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। আগামী ২১ নভেম্বর সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। দুপুর ২টায় ফলাফল প্রকাশের পরই পুরস্কার বিতরণ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর জন্য আপ্যায়নের ব্যবস্থাও করবে সাগর ফাউন্ডেশন।’
সাগর ফাউন্ডেশন ও সাগর গ্রুপের কর্ণধার শাহাব উদ্দিন সাগরের অর্থায়নে আয়োজিত এ বৃত্তি পরীক্ষার মাধ্যমে ঢেমুশিয়া ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








