মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬, মনিপুর প্রাক্তন শিক্ষার্থী, মনিপুর পুনর্মিলনী, ১৮ ডিসেম্বর পুনর্মিলনী, শিরোনামহীন ব্যান্ড, শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, রিইউনিয়ন নিবন্ধন
মনিপুর স্কুল অ্যান্ড কলেজ। সংগৃহীত

পুরোনো দিনের স্মৃতি, বন্ধুত্ব আর ফেলে আসা স্কুলজীবনের আনন্দকে নতুন করে ফিরে পেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত ‘গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬’।

Advertisement

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ বর্ণাঢ্য পুনর্মিলনী। এতে ১৯৭৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

‘Same School, Same Dreams… A Lifetime of Memories’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠান হবে মনিপুর পরিবারের সদস্যদের এক আবেগঘন মিলনমেলা। দীর্ঘদিন পর সহপাঠী, বন্ধু ও শিক্ষকদের সাথে দেখা, পুরোনো স্মৃতিচারণ, আড্ডা এবং আনন্দে মুখর হয়ে উঠবে পুরো আয়োজন।

এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন-এর বিশেষ সংগীত পরিবেশনা। পাশাপাশি মনিপুরের প্রতিভাবান সাবেক শিক্ষার্থীরাও নিজেদের গান ও সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে মঞ্চ মাতাবেন। ফলে পুনর্মিলনীটি শুধু স্মৃতিচারণের আয়োজন নয়, বরং সাবেক শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা প্রকাশেরও একটি বিশেষ উপলক্ষ হয়ে উঠবে।

আয়োজক কমিটি জানায়, সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরো সুদৃঢ় করা এবং বিভিন্ন প্রজন্মের সাবেক শিক্ষার্থীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৬-এর নিবন্ধন কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সকল সাবেক শিক্ষার্থীকে দ্রুত নিবন্ধন সম্পন্ন করে এই আনন্দঘন আয়োজনে অংশগ্রহণের আহবান জানানো হয়েছে। নিবন্ধনের মাধ্যমে প্রত্যেকেই হতে পারবেন মনিপুর পরিবারের এই ঐতিহাসিক মিলনমেলার অংশ।

আয়োজকদের প্রত্যাশা, সকল ব্যাচের সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৮ ডিসেম্বরের দিনটি হয়ে উঠবে স্মৃতি, ভালোবাসা, সংগীত ও আবেগে ভরপুর এক অবিস্মরণীয় দিন।

অনুষ্ঠানের বিস্তারিত :

* অনুষ্ঠান : Monipur School and College Grand Reunion 2026
* তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৬, শুক্রবার
* সময় : সকাল ৮:৩০ থেকে রাত ১১টা
* স্থান : শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, শাহবাগ, ঢাকা
* বিশেষ আকর্ষণ : শিরোনামহীন ব্যান্ড ও প্রাক্তন শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা
* নিবন্ধন : চলছে—দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হচ্ছে।

আয়োজনে : Grand Reunion Bastobayon Committee

একই স্কুল, একই স্বপ্ন, অসংখ্য স্মৃতি—আবারো একসাথে মনিপুর পরিবার।