
জাতিসঙ্ঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএন ট্যুরিজম) অ্যাফিলিয়েট সদস্য ইন্টারন্যাশনাল কমিটি অব ট্যুরিজম ফিল্ম ফেস্টিভ্যালসের (সিআইএফএফটি) এশিয়া অঞ্চলের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের মোহাম্মদ জহিরুল ইসলাম, যিনি ডাল্টন জহির নামে পরিচিত।
সম্প্রতি সিআইএফএফটি ডাল্টন জহিরকে এশিয়া অঞ্চলের রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, তিনি এ পদে এশিয়াজুড়ে সংস্থাটির কার্যক্রম এবং ‘ওয়ার্ল্ড ট্যুরিজম ফিল্ম অ্যাওয়ার্ডস’-এর প্রতিনিধিত্ব করবেন। পর্যটন বিকাশ ও অডিওভিজ্যুয়াল মাধ্যমে পর্যটন প্রচারে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এশিয়া অঞ্চলের রাষ্ট্রদূত হিসেবে ডাল্টন জহির সিআইএফএফটি ও ওয়ার্ল্ড ট্যুরিজম ফিল্ম অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক উদ্যোগগুলো প্রচার করবেন। পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, সরকারি প্রতিষ্ঠান, অডিওভিজ্যুয়াল প্রোডাকশন হাউস, ক্রিয়েটিভ এজেন্সি ও গণমাধ্যমের অংশীদারদের সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলবেন।
এছাড়া এশিয়ার পর্যটনকেন্দ্র, পণ্য ও সেবার প্রচারমূলক ভিডিও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিবন্ধনের ক্ষেত্রে নির্মাতা ও ব্র্যান্ডগুলোকে সহায়তা করবেন তিনি। উন্নত মানের অডিওভিজ্যুয়াল কনটেন্টের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে এশিয়ার পর্যটন খাতের পরিচিতি বাড়ানো এবং সিআইএফএফটির অস্ট্রিয়ার সদর দফতরের সাথে এশীয় অংশীজনদের সমন্বয় করাও তার দায়িত্বের মধ্যে রয়েছে।
সিআইএফএফটির পরিচালক আলেকজান্ডার ভি. কামেল বলেন, ‘ডাল্টন জহিরের নিয়োগ এশিয়ায় সংস্থাটির উপস্থিতি বাড়ানো এবং পর্যটন প্রচারে যুক্ত পেশাজীবী ও প্রতিষ্ঠানগুলোর সাথে আরো ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তোলার প্রতিশ্রুতি তুলে ধরে।
ডাল্টন জহির পর্যটন, আতিথেয়তা, গণমাধ্যম ও বহুজাতিক করপোরেট খাতে ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী ও লেখক। সাহিত্য, কবিতা ও সমসাময়িক বিষয় নিয়ে তার পাঁচটি বই প্রকাশিত হয়েছে।
তিনি বৈশ্বিক ভ্রমণ ও গণমাধ্যম প্ল্যাটফর্ম ট্রাভেলারকি (Travellerkey), ইউরোপকি (Europekey), ট্রাভেলারটাইমস (TravellerTimes) এবং ওয়েলকাম বাংলাদেশ (Welcome Bangladesh)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
সাংগঠনিক পর্যায়ে তিনি ট্যুরিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিডিএবি) পরিচালক, ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি ফিলিপাইন্সের সভাপতি এবং স্ক্যাল ইন্টারন্যাশনাল আর্জেন্টিনার গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন।
করপোরেট খাতে তিনি ব্র্যাক সার্ভিসেস লিমিটেডের (ব্র্যাক হোটেল গ্রুপ) গ্রুপ হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং হিসেবে কাজ করেছেন। এছাড়া রোজ ভিউ হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, ওশান প্যারাসুট ও লেকশোর হোটেলে নির্বাহী পদে দায়িত্ব পালন করেছেন। বহুজাতিক প্রযুক্তি ও গণমাধ্যম খাতেও মটোরোলা মোবাইল, অ্যাপল কম্পিউটার, ফিলিপস মোবাইল ও ফুজিফিল্মের মতো প্রতিষ্ঠানের সাথে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।
আন্তর্জাতিক পর্যায়ে ডাল্টন জহির স্ক্যাল ইন্টারন্যাশনাল মাদ্রিদ, ফটোগ্রাফিক সোসাইটি অব আমেরিকা, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) এবং ইউরোপীয় আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সক্রিয় সদস্য।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








