
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজধানীর শাহজাহানপুর থানাধীন ইসলামী ব্যাংক হাসপাতালে সাংবাদিকদের ওপর সংঘটিত হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে) নেতৃবৃন্দ।
মঙ্গলবার বিএজের সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান এক যৌথ বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের নিরাপত্তার জন্য এ ধরনের ঘটনা বড় ধরনের হুমকি। স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর এমন হামলা বন্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নেয়ার আহবান জানান তারা।
বিবৃতিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাট নিয়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এই সশস্ত্র হামলায় দ্য ডেইলি স্টার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক আগামীর সময় ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা আহত হয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এমনকি ঘটনার চিত্র ধারণ করার অপরাধে সাংবাদিকদের ‘পুঁতে ফেলার’ মতো জঘন্য হুমকি প্রদান করা হয়েছে, যা কোনো সভ্য সমাজে মেনে নেয়া যায় না।
বিএজে নেতৃবৃন্দ অভিযোগ করেন, হামলার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি।
অন্যদিকে, গত রোববার রাতে রাজধানীর খিলগাঁও এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর মৃত্যুর অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণের সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকদের ওপর হামলা, লাঞ্ছিত এবং মোবাইল ফোন কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে বলা হয়।
দুই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএজে নেতৃবৃন্দ বলেন, একের পর এক পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর সন্ত্রাসীদের এই হামলা মুক্ত গণমাধ্যমের জন্য এক ভয়াবহ হুমকি। কোনো অপরাধী, সন্ত্রাসী বা সন্ত্রাসী গোষ্ঠী নিজেদের আইনের ঊর্ধ্বে মনে করলে ভুল করবে। সাংবাদিকদের ওপর রক্তক্ষয়ী হামলা চালিয়ে সত্যের কণ্ঠ রুদ্ধ করার এই অপচেষ্টা বরদাশত করা হবে না।
তারা হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মী এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে আহত সাংবাদিকদের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি জানিয়েছে সংগঠনটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








