সালমান মুক্তাদির, বাংলাফ্যাক্ট, ফ্যাক্টচেক, ভুয়া তথ্য, অপপ্রচার, বিভ্রান্তিকর ভিডিও, পিআইবি, ফেসবুক গুজব, প্রমোশনাল কনটেন্ট
বাংলাফ্যাক্ট। সংগৃহীত

প্রমোশনাল কনটেন্টকে সালমান মুক্তাদিরের ওপর হামলার ঘটনা বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

Advertisement

বাংলাফ্যাক্ট জানায়, গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর চালানো হয়। পুলিশ জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। 

এই পরিপ্রেক্ষিতে, মধ্যরাতে সালমান মুক্তাদিরকে নিজ শোরুমে মারধর করতে আসে দুর্বৃত্তরা এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি সালমান মুক্তাদিরের ওপর হামলার কোনো ঘটনা নয়; বরং এটি একটি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের জন্য সালমান মুক্তাদিরের করা একটি প্রমোশনাল কনটেন্ট। সেই ভিডিওর খণ্ডিত অংশ বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট। সূত্র : বাসস