
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নিতে তাকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেফতার করা হয়েছে। তুহিনের বাড়ি থেকে অপ্রতিমের আইফোনটিও উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বেলা ২টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো: আনিসুজ্জামান।
পুলিশ সুপার বলেন, পুলিশের প্রাথমিক তদন্তে অপ্রতিমের আইফোন নেয়াকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে দেখা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ ছিল কি না, তা জানতে আরো তদন্ত প্রয়োজন।
তিনি জানান, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাথমিকভাবে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর বেলা ২টা থেকে আড়াইটার মধ্যে তুহিন অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন জঙ্গলের দিকে নিয়ে যায়।
অপ্রতিমের লাশ উদ্ধারের পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সাথে থাকা তুহিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তুহিন জানায়, অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যেই পরিকল্পনা করে তাকে ওই নির্জন স্থানে নিয়ে যায় সে।
পুলিশ সুপার জানান, তুহিনের কাছ থেকে ফাহাদ ও তার এক বন্ধুর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ফাহাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে হত্যাকাণ্ডে কামরুলের জড়িত থাকার কথা জানায়। এরপর কামরুলকেও আটক করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘটনার দিন বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন স্থানে অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। এতে অপ্রতিম বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে। পরে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা আইফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সুপার বলেন, তুহিনের দেখানো জায়গা অনুযায়ী তার বাড়ি থেকে অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সিয়াম নামে আরো একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এরই মধ্যে তুহিন, ফাহাদ ও কামরুলকে অপ্রতিম হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, হত্যাকাণ্ডের সাথে অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কি না, তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ করে দ্রুত আদালতে পুলিশ প্রতিবেদন বা চার্জশিট দাখিল করা হবে।
তিনি জানান, গ্রেফতার তুহিনের বয়স ১৯ বছর। সে কুমিল্লা সিদ্দিকুর রহমান কলেজের একাদশ শ্রেণীতে পড়ত এবং ২০২৫ সালে পরীক্ষায় অকৃতকার্য হয়।
পুলিশ সুপারের ভাষ্য, গ্রেফতার সাইফুল ইসলাম তুহিনের (১৯) বাবার নাম নূর আলম। তিনি নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সানন্দা এলাকার বাসিন্দা। মোফাজ্জেল হোসেন ফাহাদ (১৫) একই ওয়ার্ডের সালমানপুর এলাকার (মেম্বার বাড়ি) বাসিন্দা। সে ময়নামতি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। মো: কামরুল হাসানের (১৮) বাড়ি দক্ষিণ উপজেলার হাতিগাড়া গ্রামে এবং মো: সিয়াম (১৯) একই উপজেলার এলাহীপুর গ্রামের বাসিন্দা।
জানাজার আগে ছেলের জন্য ক্ষমা চাইলেন অপ্রতিমের বাবা : কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সকালে ১৩ বছর বয়সী অপ্রতীমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার। তিনি বলেন, ‘অপ্রতিম আপনাদের স্নেহ-ভালোবাসায় বেড়ে উঠেছে। সে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকে, তাকে ক্ষমা করে দেবেন।’ কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় উপস্থিত মুসল্লিদের অনেককেও চোখের পানি মুছতে দেখা যায়।
বেলা ১১টা ৪০ মিনিটের দিকে কুমিল্লা নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি গন্ধমতি এলাকায় অবস্থিত কবরস্থানে অপ্রতিমকে দাফন করা হয়েছে।
এর আগে সোয়া ১১টার দিকে গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার নামাজে জানাজা দু’টিতে হাজারো মানুষের সমাগম হয়।
অপ্রতিম হত্যার ঘটনায় মামলা : শনিবার গভীর রাতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় এ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পংকজ বড়ুয়া।
বিচার দাবিতে কুবি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের সন্তান ইয়াশাত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৪ অভিযুক্তকে আদালতে সোপর্দ
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেফতার চার অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গতকাল তাদের কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়।
কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, চাঞ্চল্যকর ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে সম্মতি জানিয়েছে।







