স্মার্টফোনের ব্যবহার বাড়ছে কমছে রেডিও-কম্পিউটার

বিশেষ সংবাদদাতা

দেশের পরিবার ও ব্যক্তিপর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও মালিকানার ধরনে পরিবর্তন দেখা যাচ্ছে। ড্রয়িংরুমে টেলিভিশন আছে, তাতে নেট সংযোগ আর হাতে স্মার্টফোন। স্মার্টফোনের ব্যবহার ও মালিকানা বাড়ার পাশাপাশি ব্যক্তিপর্যায়ে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে একই সময়ে পরিবারে রেডিও, ফিক্সড ফোন ও কম্পিউটারের উপস্থিতি কিছুটা কমেছে। গতকাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপস্থাপিত ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকের তুলনামূলক তথ্য থেকে এ চিত্র পাওয়া যায়। পরিবারের প্রযুক্তি ব্যবহারে সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে স্মার্টফোনে। 
বিবিএস তথ্য বলছে, গত ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ৭৪ দশমিক ৮ শতাংশ পরিবারের স্মার্টফোন থাকলেও ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে তা বেড়ে হয়েছে ৭৫ দশমিক ১ শতাংশ। অর্থাৎ এক বছরে বৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট। অন্যদিকে ঘরে টেলিভিশনের উপস্থিতি ৫৯ দশমিক ১ শতাংশ থেকে বেড়ে ৬০ দশমিক ১ শতাংশে উঠেছে। প্রায় সব পরিবারেই মোবাইল ফোনের উপস্থিতি থাকায় এ সূচকটি ৯৯ শতাংশেই অপরিবর্তিত রয়েছে। মোবাইল ফোন থাকা পরিবারের মধ্যে শুধু মোবাইল ফোন রয়েছে- এমন পরিবারের হারও ৯৮ দশমিক ১ শতাংশ থেকে সামান্য বেড়ে ৯৮ দশমিক ২ শতাংশ হয়েছে। তবে পুরনো কিছু প্রযুক্তির ব্যবহার বা উপস্থিতিতে বিপরীত প্রবণতা দেখা গেছে। পরিবারে রেডিওর উপস্থিতি ১৬ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১৫ দশমিক ৩ শতাংশে নেমেছে। একইভাবে ফিক্সড ফোনের হার শূন্য দশমিক ৯ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৭ শতাংশ হয়েছে। কম্পিউটার থাকা পরিবারের হারও ৯ দশমিক ২ শতাংশ থেকে সামান্য কমে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে।
ঘরে ইন্টারনেট সংযোগে ভিন্ন চিত্র
বিবিএস তথ্য বলছে, প্রযুক্তির ব্যবহার বাড়লেও পরিবার পর্যায়ে ইন্টারনেট সংযোগের সূচকে কিছুটা পতন দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ৫৯ দশমিক ৭ শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ ছিল। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে তা কমে হয়েছে ৫৮ দশমিক ২ শতাংশ। তবে ব্যক্তিপর্যায়ে ইন্টারনেট ব্যবহারের চিত্র ভিন্ন। একই সময়ের তুলনায় ইন্টারনেট ব্যবহারকারী ব্যক্তির হার ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৯ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ এক বছরে বৃদ্ধি হয়েছে ৪ দশমিক ২ শতাংশ।
মোবাইল ব্যবহারে বড় উল্লম্ফন
ব্যুরোর তথ্য হলো, ব্যক্তিপর্যায়ে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে মোবাইল ফোন ব্যবহারে। ২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে মোবাইল ফোন ব্যবহারকারী ব্যক্তির হার ছিল ৮২ দশমিক ৯ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে তা বেড়ে হয়েছে ৮৯ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ এক বছরে বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ । একই সময়ে কম্পিউটার ব্যবহারকারী ব্যক্তির হার ১১ দশমিক ৬ শতাংশ থেকে সামান্য বেড়ে ১১ দশমিক ৮ শতাংশ হয়েছে।