চীনের সাথে পররাষ্ট্র ও প্রতিরক্ষা সংলাপ শুরু হচ্ছে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিদায়ী সাক্ষাৎ করেন : পিআইডি

 কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ-চীন সম্পর্ক একটি অংশীদারত্বমূলক পর্যায়ে উন্নীত হয়েছে। দুই দেশের মধ্যে পররাষ্ট্র ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পর্যায়ের ‘২+২’ মেকানিজমের আওতায় সংলাপসহ বেশ কিছু নতুন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে সাক্ষাতের সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করে বলেন, তার মেয়াদকালে চীনের কূটনৈতিক কার্যক্রম ব্যাপক দৃশ্যমানতা পেয়েছে এবং প্রধানমন্ত্রীর সফল চীন সফর হয়েছে। 
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে তিন বছর ৯ মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীন তার সমর্থন অব্যাহত রাখবে। তিনি জানান, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী এ বছরের শেষের দিকে বাংলাদেশ সফরের জন্য আগ্রহী। বাংলাদেশের সাথে ওই মন্ত্রীর গভীর সংযোগ রয়েছে। কারণ তার বাবা বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছিলেন।
বাংলাদেশ-চীন সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি রাষ্ট্রদূতকে তার নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন।
একই দিন কানাডার হাইকমিশনার অজিত সিং এবং আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে সাক্ষাৎ করেন। আলজেরিয়ার রাষ্ট্রদূত পৃথকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথেও সাক্ষাৎ করেন।