
নিজস্ব প্রতিবেদক
দেশের বৈদ্যুতিক পণ্য উৎপাদন খাতে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে এমইপি গ্রুপ। চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করে আধুনিক একটি কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। প্রায় ১০ একর জমির ওপর নির্মিতব্য এ কারখানায় লাইটিংস, সুইচ-সকেট, সার্কিট ব্রেকার, ফ্যান ও কেবলস-সহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হচ্ছে নতুন কারখানায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন সক্ষমতা ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি গুণগত মান উন্নয়নে গুরুত্ব দেয়া হবে। একই সাথে নতুন বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশে বৈদ্যুতিক পণ্যের উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্য রয়েছে এমইপি গ্রুপের।
গতকাল নতুন বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে খুচরা বিক্রেতা, পরিবেশক, ব্যবসায়িক অংশীদার ও গ্রাহকদের নিয়ে রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার, ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ৮০ জন বিজয়ীর হাতে ৭৮টি মোটরসাইকেল ও দু’টি ফ্রিজের পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক মো: ফজলুল হক বলেন, এমইপি বাংলাদেশের অন্যতম পুরনো বৈদ্যুতিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটির নতুন বিনিয়োগ ও আধুনিক কারখানা উন্নত মানের ও বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে সহায়তা করবে। এ উদ্যোগ শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, নতুন কারখানাটি শুধু উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রকল্প নয়; পণ্যের মান, প্রযুক্তি, উদ্ভাবন ও বাজার সম্প্রসারণের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কেন্দ্রবিন্দু। খুচরা বিক্রেতা, পরিবেশক ও গ্রাহকদের সাথে নিয়ে এমইপিকে দেশের বৈদ্যুতিক পণ্য খাতের অন্যতম বড় বাজার-অবদানকারী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য রয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক শাকিল আলম চাকলাদার বলেন, ৮০ জন বিজয়ীর হাতে ৭৮টি মোটরসাইকেল ও দু’টি ফ্রিজ তুলে দেয়ার মাধ্যমে খুচরা বিক্রেতা, পরিবেশক ও ব্যবসায়িক অংশীদারদের অবদানকে স্বীকৃতি দেয়া হয়েছে। ‘এমইপি অ্যাকসেসরিজ’-এর বিশেষ অফার আগামী অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।







