ডিসি-ওসির পর সরানো হলো গুলশানের এডিসিকে

নিজস্ব প্রতিবেদক

Advertisement

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার সরানো হলো গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো: সরোয়ার হোসাইনকে। ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো: আমিনুল হক বাপ্পীকে তার স্থলাভিষিক্ত করা হয়েছে।
গতকাল শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা গেছে। একই আদেশে চারজন অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে রদবদল আনা হয়েছে।
আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো: জাহিদুল ইসলামকে মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ও মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের  পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে ও গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো: সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর গুলশানে মিছিল করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। এ ঘটনায় পুলিশের গোয়েন্দা ব্যর্থতা ফুঁটে উঠেছে; যা নিয়ে পুলিশ বাহিনীতে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পর গুলশানের ডিসি ও ওসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।