
আনাদোলু ও আলজাজিরা
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাব আল-মান্দেব প্রণালীর নিকটবর্তী কৌশলগত সীমানায় রক্তক্ষয়ী সংঘর্ষে এক শীর্ষ কমান্ডারসহ সাতজন হাউছি সদস্যের প্রাণহানি ঘটেছে বলে গতকাল শনিবার নিশ্চিত করেছে দেশটির সরকার। তথ্য উপমন্ত্রী আবদুলবাসিত আল-কায়েদির দেয়া তথ্য মতে, কাহবুব যুদ্ধক্ষেত্রে অভিযান চলাকালে হাউছি কমান্ডার ফিরাক মহসিন আল-আসার ও তার ছয় সহযোগী নিহত হন। হাউছিদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানানো হলেও গোষ্ঠীটির ঘনিষ্ঠরা আল-আসারের মৃত্যুর বিষয় নিশ্চিত করে শোক প্রকাশ করেন। বাব আল-মান্দেব প্রণালী সংলগ্ন পাহাড়ি অঞ্চলে গত কয়েক দিন ধরে ইয়েমেনি সরকারি বাহিনী ও হাউছিদের মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে।
২০১৪ সালে হাউছিরা রাজধানী সানা ও বেশ কয়েকটি এলাকা নিজেদের অধিকারে নিলে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সালে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত সরকারের পাশে দাঁড়ায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। দীর্ঘ সময় অপেক্ষাকৃত শান্ত থাকার পর গত জুলাইয়ের শুরু থেকে মারিব, আল-জাওফ, তাইজ, লাহিজ ও আল-বায়দায় পুনরায় বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ে। হাউছিরা সাম্প্রতিক সময়ে কিছু অঞ্চলে অগ্রগতির দাবি করার পাশাপাশি সৌদি আরবের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্য দিকে, পবিত্র মক্কা শহরের দিকে ড্রোন ছুড়ে মারার অভিযোগে সৌদি দাবির প্রতিবাদে ইয়েমেনের রাজধানী সানায় লাখো মানুষ বিক্ষোভ মিছিলে অংশ নেন। সাবার দেয়া প্রতিবেদন অনুযায়ী, ‘অবরোধের বিপরীতে অবরোধ ও মক্কা হামলার মিথ্যাচার প্রতিহত’ সেøাগানে আয়োজিত সমাবেশ থেকে হাউছি সমর্থকরা সৌদি সামরিক কৌশলের কড়া জবাব দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ইয়েমেনি স্কলারস অ্যাসোসিয়েশনের যৌথ বিবৃতিতে দীর্ঘ ১২ বছরের যুদ্ধ ও অবরোধ মোকাবেলার পাশাপাশি জেরুসালেমের আল-আকসা মসজিদসহ ফিলিস্তিনিদের মুক্তিসংগ্রাম ও ইরানের নেতৃত্বাধীন আঞ্চলিক অক্ষের পাশে থাকার ঘোষণা দেয়া হয়।
সার্বিক উদ্ভূত পরিস্থিতিতে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা সুসংহত করতে একটি বহুজাতিক নৌজোট গঠনের উদ্যোগ নিয়েছে সৌদি আরব। তবে এই জোট বাস্তবায়নে সদস্য দেশগুলোর প্রতিশ্রুতি নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কাতারভিত্তিক আলজাজিরাকে দেয়া বক্তব্যে বিশ্লেষক সুলতান বারাকাত মন্তব্য করেন, ইতোপূর্বে এমন একাধিক সামরিক উদ্যোগ আলোরমুখ দেখেনি। তা ছাড়া আঞ্চলিক বৈরী পরিস্থিতি ও ভূরাজনীতির জটিলতার কারণে বাব আল-মান্দেব প্রণালীর জন্য প্রস্তুত করা নিরাপত্তার ছক হরমুজ প্রণালীর ক্ষেত্রে কোনোভাবেই প্রযোজ্য হবে না।







