৬ মাসে হাম ও উপসর্গে আক্রান্ত ২ লাখ ছুঁইছুঁই

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। সর্বশেষ শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে সারা দেশে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নিশ্চিত হামে এবং বাকি চারজন উপসর্গে মারা গেছেন। নিশ্চিত হামে মারা যাওয়া শিশু ঢাকা বিভাগের। এ ছাড়া উপসর্গে এই বিভাগে দুইজন এবং বাকি দুইজন সিলেট বিভাগে মারা গেছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে একই সময় নতুন করে নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন মোট ১ হাজার ২০ জন। এর মধ্যে ৯৪১ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের। এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৮ জন, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৬২ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল   পর্যন্ত সারা দেশে মোট ১ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ১০১ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৯৫২ জন।
একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জনের। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ২০ হাজার ৪৭৪ জন। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৪০ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।
চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৯২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৭০, রাজশাহীতে ৯৬, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮৪, বরিশালে ৭৮, খুলনায় ৪০ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।
সিলেটে আরো ২ শিশুর মৃত্যু 
সিলেট ব্যুরো জানান, সিলেটে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। টানা দুই দিন মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যুও পাশাপাশি উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৬১ জন। এ দিকে চলতি বছর হাম ও উপসর্গে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৬৯ জন। 
গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া পাঁচ মাসের রূপায়ন সরকার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এবং চার মাস ২২ দিনের অপর্ণা সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাসিন্দা। এর আগে গত বৃহস্পতি ও শুক্রবার  টানা দুই দিন সিলেট বিভাগে হাম ও উপসর্গে কারো মৃত্যু হয়নি।