মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ৪ জন নিহত

নয়া দিগন্ত ডেস্ক 

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত ও একজন আহত হয়েছেন। বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। 
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, শনিবার বেলা ২টা ৩৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে দুর্ঘটনার সংবাদ আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। 
তিনি জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরো তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, নিউ বলেশ্বর নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্য দিকে প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুই যানবাহনের মধ্যে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। 
বরিশাল ব্যুরো জানায়, বরিশালে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। তাৎক্ষণিক স্থানীয়রা একজনের লাশ উদ্ধার করেছে। 
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায়। দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছে। 
বরিশাল বিমানবন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের উদ্দেশে যাচ্ছিল। পথে গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। যাত্রীদের অনেককে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল মালেক (৫৫) বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা। অপর আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।