ডেসকোর অবহিতকরণ ও অংশীজন সভা অনুষ্ঠিত

ডেসকো বোর্ডের চেয়ারম্যান ড. মো: সানোয়ার জাহান ভূঁইয়া বলেছেন, প্রতি বছর এনার্জি খাতে ৪০ থেকে ৪৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে। সরকারের জন্য এটা কিন্তু অনেক বড় রকমের বোঝা। সরকার, প্রতিষ্ঠান এবং মালিকপক্ষ সবাই যদি সৌর বিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগী হই তাহলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব। সবাই মিলে যদি আমরা একটু একটু করে কাজ করি নিজের জায়গা থেকে তাহলে এই সমস্যার সমাধান সম্ভব।’ শনিবার সকালে নিকুঞ্জস্থ হোটেল গ্রেস ২১ এর ব্যাঙ্কোয়েট হলে ঢাকায় ডেসকোর বিতরণ এলাকায় ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থা দ্রুত সম্প্রসারণ এবং সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ অবহিতকরণ ও অংশীজন সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) শামীম আহমেদ বলেন, ‘ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ সম্প্রসারণে আমরা ইতঃমধ্যে বিডা বিল্ডিংয়ের ছাদে একটি সৌর বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করেছি যা ডেসকো-বিডা মডেল হিসেবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আমন্ত্রিত অংশীজনের অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন করেন। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক এবং তার পক্ষ থেকে ডেসকোর কর্মকর্তারা সেই প্রশ্নের উত্তর প্রদান করেন। সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন ডেসকোর নির্বাহী পরিচালক প্রকৌশল অতিরিক্ত দায়িত্ব মো: মফিজুল ইসলাম ভূঁইয়া। আমন্ত্রিত অতিথিদের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো বিষয়টি তুলে ধরেন ডেসকোর ব্যবস্থাপক মো: আব্দুল মান্নাফ। ডেসকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আশফাক আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন পূর্ণতা রায়। ওই সভায় আরো উপস্থিত ছিলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, ডেসকো আওতাধীন অঞ্চলের বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা, ইপিসি ঠিকাদার, বিভিন্ন ভবন ও ফ্ল্যাট মালিক সমিতির নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন এবং ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।

Advertisement