
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) এরিয়াল রোবোটিক্স টিম (ইউএআরটি) মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমাতে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ হয়েছে। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই ইউআইইউর ইউএআরটির এ অসাধারণ অর্জন বাংলাদেশের জন্য একটি গৌরবময় ও ঐতিহাসিক মাইলফলক। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব গত ১৪-১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যের টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত হয়।
চার দিনের এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সেরা দলগুলো অংশ নেয়। প্রতিকূল আবহাওয়া, উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রাজনিত চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা ও পরিচালন সক্ষমতার সফল প্রয়োগের মাধ্যমে ইউআইইউর ইউএআরটি বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে।
২০০৩ সাল থেকে নিয়মিত আয়োজিত হয়ে আসা এসইউএএস প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এবারের প্রতিযোগিতার প্রাথমিক পর্বে বিশ্বের বিভিন্ন দেশের ৮১টি দল অংশ নেয়। এর মধ্যে ৬৭টি দল চূড়ান্ত পর্বের ফ্লাইং প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। পরবর্তীতে ৬৪টি দল ফ্লাইট রেডিনেস অনুমোদন পায় এবং শেষ পর্যন্ত ৫৮টি দল ফ্লাইট পরিচালনা করে। প্রতিযোগিতার দিন প্রতিকূল আবহাওয়ার কারণে অংশগ্রহণকারী দলগুলোকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রাজনিত চ্যালেঞ্জের ফলে ফ্লাইট পরিচালনাকারী দলগুলোর মধ্যে ২১টি দল ক্র্যাশের শিকার হয়। এমন প্রতিকূল পরিস্থিতিতেও ইউআইইউর ইউএআরটি তাৎক্ষণিকভাবে কৌশলগত পরিবর্তন ও প্রযুক্তিগত সমন্বয় করে সফলভাবে নিজেদের মিশন সম্পন্ন করে বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








