
ঢাকা জেলা প্রতিনিধি
একটি জাতির অগ্রগতির অন্যতম ভিত্তি শিক্ষা। শিক্ষাব্যবস্থার গুরুত্ব উপেক্ষা করা হলে প্রতিযোগিতামূলক বিশ্বে কোনো জাতিই টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। গত ১৭ বছর দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে। শিক্ষার বিভিন্ন স্তরে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এর নেতিবাচক প্রভাব শিক্ষার্থী ও সামগ্রিক জাতির ওপর পড়েছে।
শনিবার কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, এমন একটি সময় গেছে, যখন একটি জাতির জন্য লেখাপড়া ও শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ, তা যথাযথভাবে বিবেচনায় নেয়া হয়নি। অনেক ক্ষেত্রে শুধু প্রশ্নপত্র তৈরি করেই দায়িত্ব শেষ করা হয়েছে। শিক্ষার মান নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি ক্ষমতাশালী মহল থেকে ফোন করে শিক্ষার্থীদের পাস করিয়ে দেয়ার জন্য চাপ দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন।
ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এ ধরনের কর্মকাণ্ড দীর্ঘ সময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মানকে ক্ষতিগ্রস্ত করেছে। এর ফলে জাতির মেধা ও সক্ষমতা বিকাশের পথও বাধাগ্রস্ত হয়েছে।
প্রযুক্তিনির্ভর বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতা করতে হলে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতায় গড়ে তুলতে হবে। কিন্তু অতীতে শিক্ষাব্যবস্থাকে এমনভাবে পরিচালনা করা হয়েছে, যার ফলে বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের সক্ষমতা বাধাগ্রস্ত হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করে জাতিকে মেধাশূন্য করার অপকৌশল নিয়েছিল। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড ঠিক না থাকলে কোনো জাতি সোজা হয়ে দাঁড়াতে পারে না। শিক্ষার্থীদের অটো পাসের সুযোগ দিয়ে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।







