পাঠ্যবইয়ের মান কাক্সিক্ষত পর্যায়ে রাখতে পরিদর্শন কর্মীদের প্রশিক্ষণ
পাঠ্যবইয়ের মান যাচাইয়ের দায়িত্বরত কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইন্ডিপেন্ডেন্ট ইন্সপেকশন বিডি । নয়া দিগন্ত

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের মান কাক্সিক্ষত পর্যায়ে রাখতে  মাঠ পর্যায়ে কর্মরত পরিদর্শন কর্মীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডি। গতকাল  বিকেলে মতিঝিলস্থ ইন্সপেকশন কোম্পানির নিজস্ব কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে। কর্মশালায় কোম্পানির দেশব্যাপী  পরিদর্শন কাজে নিয়োজিত শতাধিক কর্মীকে পাঠ্যবইয়ের মান কিভাবে কাক্সিক্ষত পর্যায়ে রাখা যায় এবং বই মুদ্রণের উপকরণের গুণগত মান নিশ্চিত এবং এর প্রায়োগিত মাত্রা ও অন্যান্য বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় শিক্ষাক্রম  ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবির  সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর মো: আবু নাসের টুকু। কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো: মোস্তাফিজুর রহমান। 
পাঠ্যবইয়ের মান নিয়ন্ত্রণ ও যাচাই প্রক্রিয়ার ইন্সপেকশন এজেন্ট কোম্পানির  পরিদর্শক বা  প্রতিনিধিরা সার্বক্ষণিকভাবে প্রতিটি প্রেসে (মেশিন চলা অবস্থায়) অবস্থান করে মুদ্রিত বইয়ে কাগজ, কালি, বাঁধাই, কাটিং এবং গণনার কাজেও তদারকি করেন। একই সাথে এনসিটিবি,  শিক্ষা মন্ত্রণালয় এবং ইন্সপেকশন এজেন্টের সাথে আন্তঃযোগাযোগের জন্যও  একই কোম্পানির পৃথক পৃথক ছয়টি ভিজিল্যান্স টিমও সার্বক্ষণিকভাবে কাজ করছে। কাজের গতি এবং সময় বাঁচানোর জন্য প্রতিটি ভিজিল্যান্স টীম মোটরসাইকেল নিয়ে তাদের কাজ নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করছে। 
কর্মশালায় এনসিটিবির সদস্য প্রফেসর আবু নাসের টুকু বলেন,  পাঠ্যবইয়ের মান নিয়ন্ত্রণে আমরা প্রতিটি ধাপে চেক অ্যান্ড ব্যালেন্স রক্ষা করে দায়িত্ব ভাগ করে দিয়েছি। ২০২৭ এর পাঠ্যবই আগের যেকোনো বছরের তুলনায় গুণগত মান ভালো করার জন্য এনসিটিবি এবং মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে কাজ করছে। তিনি বইয়ের মান যাচাইয়ে ইন্সপেকশন এজেন্ট কোম্পানির  মাঠপর্যায়ের কর্মীদের  এ ধরনের প্রশিক্ষণ দেয়ার আয়োজন করায় সাধুবাদ জানান। 
ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডির চেয়ারম্যান  শেখ মো: বেলাল  হোসেন বলেন, আমরা এবং আমাদের টীম নতুন পাঠ্যবইয়ের মান নিয়ন্ত্রণে আপসহীনভাবে কাজ করছি। সরকার শিক্ষার্থীদের হাতে এ বছর ভালো মানের বই তুলে দেয়ার যে লক্ষ্য নিয়ে  কাজ করছে আমরাও আমাদের সীমিত সাধ্যের সবটুকু দিয়ে হলেও সরকারের সেই টার্গেট পূরণে কাজ করতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, আমি আমার ব্যক্তিগত দুই যুগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ বছর চেষ্টা করছি ২০২৭ সালের শিক্ষার্থীদের হাতে ভালো মানের পাঠ্যবই তুলে  দেয়ার জন্য। আমি সবার সহযোগিতা চাই। 
এর আগে মন্ত্রণালয় এবং এনসিটিবি থেকে পৃথক পৃথকভাবে ইনডিপেনডেন্ট ইন্সপেকশন সার্ভিসেস বিডির কার্যালয় পরিদর্শন করে যেসব নির্দেশনা দেয়া হয়েছে তারা সেই সব নির্দেশনা ও পরামর্শ মেনে তাদের কাজের পরিধি আরো বিস্তৃত করেছে।