
নিজস্ব প্রতিবেদক
পবিত্র মক্কা মুকাররমার দিকে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ড্রোন হামলা প্রচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ‘আদর্শ সমাজ বিনির্মাণ কমিটি’। সংগঠনটি পবিত্র হারামাইন শরিফাইনের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় বিশ্বের সব মুসলিমকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
রাজধানীর ঐতিহাসিক জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মিলনায়তনে গত বৃহস্পতিবার আয়োজিত এক প্রতিবাদ ও পর্যালোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান। জামালুল কুরআন মাদ্রাসা, গেন্ডারিয়ার প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় আলেমরা বলেন, রাজনৈতিক, সামরিক বা ভৌগোলিক বিরোধ যতই থাকুক না কেন, মক্কা মুকাররমা ও মদিনা মুনাওয়ারার মতো পবিত্র ভূমিকে কোনো ধরনের সঙ্ঘাত বা সামরিক হামলার লক্ষ্যবস্তু বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হারামাইন শরিফাইন কোনো নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের সম্পত্তি নয়; এটি সমগ্র মুসলিম উম্মাহর ঈমান, ভালোবাসা ও ঐক্যের কেন্দ্রবিন্দু। তাই যেকোনো পক্ষ থেকে পবিত্র ভূমির ওপর হামলা, হুমকি বা ষড়যন্ত্রের চেষ্টা চালানো হলে বিশ্ব মুসলিম তা মেনে নেবে না।
বক্তারা আরো বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। অবিলম্বে হারামাইন শরিফাইনকে সব ধরনের সামরিক সঙ্ঘাত ও রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে রাখার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামিয়া ফরিদাবাদের ভাইস প্রিন্সিপাল মাওলানা মুতীউর রহমান, ফতোয়া বিভাগের প্রধান পরিচালক মুফতি আব্দুস সালাম, মুহাদ্দিস মুফতি ইমাদুদ্দীন, মাওলানা মানযুর হাসান যুবায়ের, মাওলানা যুবায়ের আহমদ, শিক্ষক মাওলানা মোল্লা আব্দুল মুমিন এবং দারুল ফিকরি ওয়াল ইরশাদের মুফতি ইকবাল হাসান ও হাফেজ আব্দুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ওলামায়ে কেরাম।
সভা থেকে জানানো হয়, হারামাইন শরিফাইনের প্রতি যেকোনো হুমকির প্রতিবাদ এবং মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরতে ‘জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ’ ও ‘আদর্শ সমাজ বিনির্মাণ কমিটি’র যৌথ উদ্যোগে শীঘ্রই একটি বৃহৎ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।







