ডেঙ্গুতে মমেকে আরো দু’জনের মৃত্যু

 নয়া দিগন্ত ডেস্ক 

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সিলেটে শনাক্ত হয়েছে আরো চার ডেঙ্গু আক্রান্ত।
মমেকে আরো দুই মৃত্যু, নতুন ভর্তি ৩৭ 
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মমেক) ডেঙ্গু আক্রান্ত আরো দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। একই সময়ে নতুন করে ৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। 
শুক্রবার হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকালপারসন ডা: মো: সেলিম উদ্দিন ২৪ ঘণ্টার সর্বশেষ আপডেটে এসব তথ্য জানান। 
মৃতরা হলেন নেত্রকোনার বারহাট্টা উপজেলার ইসহাক মিয়ার স্ত্রী কুলসুমা (৫০) ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নুরুল আমিনের ছেলে আল আমিন (৩৫)। হাসপাতাল সূত্র জানায়, কুলসুমা ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টার দিকে ভর্তি হন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই দিন রাত সাড়ে ৮টার দিকে ভর্তি হওয়া আল আমিনের মৃত্যু হয় রাত ১১টার দিকে। 
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছর এ পর্যন্ত দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০৩ জন। এর মধ্যে ৫৭ পুরুষ, ৩৬ নারী ও ১০ শিশু। একজন পুরুষ রোগী আইসিইউতে এবং দু’জন কেবিনে চিকিৎসাধীন। 
পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হন ১৩৪ জন। জুলাইয়ে ৩৬০, আগস্টে ৯৬৭ ও সেপ্টেম্বরের ১৮ দিনে ৯২৯ জন ভর্তি হয়েছেন। 
চলতি বছর ফেব্রুয়ারিতে একজন, জুনে তিনজন, জুলাইয়ে দু’জন, আগস্টে চারজন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। 
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লে অতিরিক্ত রোগীদের জন্য জায়গা ব্যবস্থাপনা কঠিন হতে পারে। তবে পরিস্থিতি মোকাবেলায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুতি রাখছে। 
সিলেটে আরো ৪ ডেঙ্গু রোগী শনাক্ত 
সিলেট ব্যুরো জানায়, সিলেটে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় বিভাগে আরো চার ডেঙ্গু রোগী শনাক্ত হয়ছেন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০৫ জনে দাঁড়িয়েছে। 
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম। 
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছেন চারজন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৫ জনে। তবে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। 
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে এক, সিলেট উইমেন্স মেডিক্যাল হাসপাতালে দুই, হবিগঞ্জ সদর হাসপাতালে ছয়, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে দুই এবং মৌলভীবাজার সদর হাসপাতালে দু’জন চিকিৎসাধীন রয়েছেন। 
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩০৫ জন। এর মধ্যে সিলেটে ৬০, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ১০১ ও মৌলভীবাজারে ৩১ জন। এ ছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১১ জন রয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। 
প্রসঙ্গত, সর্বশেষ ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগম ডেঙ্গুতে মারা যান। এর আগে গত ৮ সেপ্টেম্বর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কৃষ্ণ দাস (৪৫) ডেঙ্গুতে মারা যান। এর আগে ২ আগস্ট সিলেট বিভাগে প্রথম ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটে। ওই দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আফিয়া খানম (৫৪) নামে এক নারীর মৃত্যু হয়।