
নয়া দিগন্ত ডেস্ক
ময়মনসিংহের ত্রিশালে বাসের ধাক্কায় দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। অন্য দিকে চুয়াডাঙ্গায় মাইক্রোবাস চাপায় নিহত হয়েছেন এক বৃদ্ধা।
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের একটি বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজিরশিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাহিন্দ্রা ও সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে বাসটি মহাসড়কের পাশে থাকা প্যাসিফিক আইডিয়াল হাইস্কুলের সীমানা প্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। আহত ১০ জনই মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনাকবলিত বাসের কয়েকজন যাত্রী জানান, চলন্ত অবস্থায় বাসের চালক হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চালকের সহযোগী বাসটি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় ছকিনা খাতুন (৫৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের হাতিকাটা গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই চালক মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যান। নিহত ছকিনা খাতুন জেলার জীবননগর উপজেলার নিধীকুন্ড গ্রামের মৃত ছলিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত চার-পাঁচ দিন আগে সদর উপজেলার হাতিকাটা গ্রামের বাসিন্দা মো: মানিকের স্ত্রী ও নিজ মেয়ে ফেরদৌসী খাতুনের (২৫) বাড়িতে বেড়াতে আসেন ছকিনা খাতুন। শুক্রবার দুপুরে ওই এলাকায় চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি মাইক্রোবাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গাড়ির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ঘাতক মাইক্রোবাসটি জব্দ করে নিজেদের হেফাজতে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান জানান, রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।







