ছাত্র সংগঠনের ৯০ ভাগ কাজ হতে হবে টেবিলকেন্দ্রিক : মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

ছাত্র সংগঠনের প্রধান কাজ হওয়া উচিত শিক্ষার্থীদের মেধা, জ্ঞান, দক্ষতা ও যোগ্যতার বিকাশ ঘটানো। একটি আদর্শ ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ পড়ার টেবিলকেন্দ্রিক এবং মাঠে-ময়দানে কার্যক্রম সর্বোচ্চ ১০ শতাংশ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে আয়োজিত ক্যারিয়ার গাইডলাইন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মামুনুল হক বলেন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে শুধু সংগঠন, রাজনীতি ও আন্দোলনের জন্য পরিচিত করলে হবে না। এটিকে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা বিকাশের একটি বৃহৎ পরিসরের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে একজন শিক্ষার্থী যে দায়িত্ব পালন করতে চায়, সে দায়িত্বের মৌলিক যোগ্যতা তাকে ছাত্রজীবন থেকেই  অর্জন করতে হবে।
তিনি বলেন, ছাত্রজীবন ও পরবর্তী কর্মজীবনের সম্পর্ক অনেকটা মাতৃগর্ভ ও ভূমিষ্ঠ জীবনের মতো। কর্মজীবনে ভালো কিছু করতে হলে প্রয়োজনীয় মৌলিক যোগ্যতা ও দক্ষতা ছাত্রজীবনেই অর্জন করতে হবে। ছাত্রজীবনে যে মৌলিক দক্ষতা অর্জিত হয় না, পরবর্তী জীবনে তা পূরণ করা কঠিন।
সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রস্তুতি শিক্ষাজীবন থেকেই শুরু করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ভবিষ্যতে বৃহত্তর পরিসরে নেতৃত্ব দিতে চায়, তাদের ছাত্রজীবন থেকেই সমাজ, রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে চিন্তা এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আদনান রাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমাদ, জামিয়া রাহমানিয়া আরাবিয়ার সিনিয়র শিক্ষক মুফতি সাইদ আহমাদ, লেখক ও আলোচক মাওলানা আবু নাইম ফয়জুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা জাকারিয়া আল ফারুকী।