বান্দরবানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা যশোরে বৃদ্ধের লাশ উদ্ধার

নয়া দিগন্ত ডেস্ক
বান্দরবানে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা পকটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্য দিকে যশোরে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের নাই্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় মো: জাফর আলম বাবুল (৫৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার গভীর রাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাদো অং মার্মা পাড়ার বৌদ্ধ বিহার মাঠে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় পাহাড়ি বাঙালিদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সেখানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা যায়। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিহত বাবুল চিতার পাড়া এলাকার মৃত ওসমানের ছেলে। ঘটনায় পুলিশ অ্যংচিং মারমা নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে জুয়া খেলাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশ এখনো হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ খুঁজে পায়নি। বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই শওকত জামিল জানিয়েছেন ঘটনাটি নিয়ে এলাকায় যাতে পাহাড়ি বাঙালি সমস্যা না হয়, সেখানে নিরাপত্তা বাহিনী নিয়োজিত রয়েছে। প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 
চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় তানজিলা এগ্রো গরুর ফার্ম থেকে গোলাম রসুল (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার  করেছে থানা পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে তানজিলা অটোভাটার ভেতরে এ ঘটনা ঘটে। 
নিহত গোলাম রসুল কেয়ারটেকার হিসেবে এ ফার্মে কাজ করতেন। গেলাম রসুল উপজেলার ফুলসারা গ্রামের মৃত তজিবর মোল্লার ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রসুল প্রতিদিনের মতো বৃহস্পতিবার গরুর ফার্মে কাজে আসেন। পরে কাজ শেষে তিনি বাড়িতে ফিরে যাননি। শুক্রবার সকালে তার ছেলে আল আমিন হোসেন বাবার খোঁজ নিতে ফার্মে যান। তিনি গিয়ে ফার্মের মেঝেতে বাবাকে পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে অন্যরা ছুটে আসেন। 
ছেলে আল আমিন হোসেন বলেন, শারীরিক অসুস্থতা নিয়েই বাবা বৃহস্পতিবার ফার্মে আসেন। শুক্রবার সকালে তিনি বাড়িতে ফেরেননি। তাই বাবাকে খুঁজতে ফার্মে যায়। সেখানে গিয়ে দেখি বাবার নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। 
পরে বিষয়টি ফার্মের মালিক শিমুল হোসেন ও চৌগাছা থানা পুলিশকে জানানো হয়। চৌগাছা থানার এসআই বেলাল হোসেন লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। তিনি বলেন মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত করার পরেই জানা যাবে।